ট্রাম্পের সেই ইয়টে এখন সৌদি প্রিন্স

ইজিয়ান সাগরের তীরবর্তী তুরস্কের শহর বোদরাম। এই শহরেই ছুটি কাটাতে গিয়েছিলেন সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল বিন আবদুল আজিজ আল-সৌদ। বোদরামে এক সপ্তাহের ওই ছুটিতে কখনো তাঁকে সাইকেল চালাতে দেখা গেছে, কখনো ইয়টে সময় কাটিয়েছেন। এই এক সপ্তাহে তিনি ব্যয় করেছেন ৫ লাখ ৫৮ হাজার ব্রিটিশ পাউন্ড।
সৌদি আরবের বিনিয়োগ প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান প্রিন্স ওয়ালিদ বাদশাহ আবদুল আজিজ আল-সৌদের নাতি এবং বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের ভাতিজা। প্রিন্স আল-ওয়ালিদ বোদরাম শহরে পৌঁছান একটি ব্যক্তিগত উড়োজাহাজে চেপে। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও নিরাপত্তারক্ষীরা। সঙ্গে নিয়ে যান ৩০০টি ব্যাগ আর ৩০টি সাইকেল।
তুরস্কের সংবাদপত্র হুরিয়েত এক খবরে জানায়, বোদরামে সৌদি প্রিন্স সমুদ্র তীরবর্তী হোটেল ভাড়া করেন, যার এক রাতের কক্ষের ভাড়া ৩৬ হাজার ৭০০ পাউন্ড। পুরো সপ্তাহে মাঝেমধ্যেই প্রিন্স আল-ওয়ালিদ ৩০ দেহরক্ষী নিয়ে শহরময় সাইকেল চালিয়েছেন। তবে বেশির ভাগ সময় তিনি নিজের ‘কিংডম ফাইভকেআর’ নামের ইয়টে কাটিয়েছেন। এর আগে এই ইয়টটির মালিক ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কাছ থেকে কিনে নেওয়া ইয়টে চেপে এখন ঘুরে বেড়ালেও ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় টুইটারে তাঁর সঙ্গেই বাগ্যুদ্ধে মেতে ওঠেন প্রিন্স আল-ওয়ালিদ। তিনি সে সময় বলেছিলেন, ‘আপনি শুধু রিপাবলিকান পার্টির জন্যই নন, পুরো আমেরিকার জন্যই মর্যাদাহানিকর। নির্বাচন থেকে সরে দাঁড়ান, আপনি কিছুতেই জিততে পারবেন না।’
আল-ওয়ালিদের এই টুইটের জবাবে ট্রাম্প টুইট করেছিলেন, ‘নির্বোধ প্রিন্স (আল-ওয়ালিদ) বাবার টাকায় যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের নিয়ন্ত্রণ করতে চান। আমি নির্বাচিত হলে এমনটা আর হবে না।’ ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অবশ্য সুর পাল্টে এক টুইটে তাঁকে অভিনন্দন জানান প্রিন্স আল-ওয়ালিদ।