টয়লেট-সামগ্রীর জাদুঘর
জাপানের শীর্ষস্থানীয় টয়লেট-সামগ্রী উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠান টোটো একটি নতুন জাদুঘর চালু করতে যাচ্ছে। এতে গত ১০০ বছরের বিভিন্ন টয়লেট-সামগ্রী প্রদর্শন করা হবে। এসবের মধ্যে রয়েছে পানির ফ্ল্যাশযুক্ত প্রথম কমোড থেকে শুরু করে দুর্গন্ধ প্রতিরোধী ব্যবস্থা এবং বৈচিত্র্যময় পানির নলের মতো সামগ্রী।
নিম্নাঙ্গ পরিচ্ছন্ন করার এই বিশেষ আসনের নাম বিদে। এটি তৈরি করে খ্যাতি পেয়েছে টোটো। তাদের পরিচালনায় বিশেষ জাদুঘরটির দরজা আজ শুক্রবার থেকে খুলছে। এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। জাদুঘরটির অবস্থান জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিতাকিউশুতে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ও সেখানেই।
অদ্ভুত কলকবজায় সজ্জিত ও সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন টয়লেট জাপানে বেশ প্রচলিত। এগুলো যেমন আরামদায়ক, তেমনি নিখুঁত। ফলে এসব সামগ্রী বিদেশি পর্যটকদের মন জয় করেছে। ম্যাডোনা ও উইল স্মিথের মতো হলিউড তারকারাও জাপানের অত্যাধুনিক টয়লেট-সামগ্রীর অকুণ্ঠ প্রশংসা করেছেন। টোটো কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার জানায়, জাদুঘরের প্রদর্শনীতে তারা অতীতের বিভিন্ন সামগ্রীর প্রতিরূপ বা রেপ্লিকা দেখাবে। এসবের মধ্যে রয়েছে পানির ফ্ল্যাশযুক্ত প্রথম কমোড, যা প্রথম বাজারে ছাড়া হয়েছিল ১৯১৪ সালে।
জাপানে বর্তমানে প্রচলিত আধুনিক টয়লেটে রয়েছে শৌচকার্যের জন্য একই সঙ্গে উষ্ণ ও শীতল জলের প্রবাহ। পাশাপাশি মোশন সেন্সর, যার মাধ্যমে শরীরের নড়াচড়ার সাহায্যেই পানির কলগুলো চালু হয়। আরও আছে মলমূত্রের দুর্গন্ধ আড়াল
করার বৈদ্যুতিক ব্যবস্থা এবং পানি ছিটানোর নানা ব্যবস্থা। এসব প্রযুক্তি আবার বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করে। এএফপি।