ই-মেইলে আসা একটি ফোল্ডার খুললেন এমিলিয়া। শিরোনামে লেখা ‘ওয়াহাবি’। ফোল্ডারটি খুলেই দেখলেন, একটি বার্তায় নরমুণ্ডের মালা গলায় পরা এক আরব যোদ্ধার কার্টুন। আরেকটিতে মুখোশধারী এক ইন্দোনেশীয়র ছবি। ইরাক ও সিরিয়ায় ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করা সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকা ওড়াচ্ছে সে।
শিয়া মুসলিম এমিলিয়া বললেন, প্রায়ই এমন সব বার্তা পাচ্ছেন তিনি। তাঁকে বলা হচ্ছে, তাঁর ঠিকানাসহ সবই ‘তারা’ জানে। সুন্নি মতবাদ গ্রহণ করে ‘ইসলামের সঠিক পথে’ না ফিরলে তাঁকে শিরশ্ছেদ করে হত্যা করা হবে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বাসিন্দা এমিলিয়া ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের সদস্যও। স্বভাবতই তিনি দেশটির সংখ্যাগুরু সুন্নি সম্প্রদায়ের ভেতরের কট্টরপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এখন পর্যন্ত আসা হুমকিগুলো বাস্তবতায় রূপ নেয়নি। কিন্তু ইরাক ও সিরিয়ায় সুন্নিপন্থী জঙ্গি সংগঠন আইএস সম্প্রতি ব্যাপকভাবে মাথাচাড়া দেওয়ার পর আতঙ্কের মাত্রাটা বহুগুণে বেড়েছে।
ইন্দোনেশিয়ার অন্তত ২০০ জিহাদি আইএসের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছে বলে মনে করা হয়। দেশটির সন্ত্রাসবিরোধী বাহিনীর আশঙ্কা, এসব জিহাদি দেশে ফিরে সন্ত্রাসবাদী তৎপরতা শুরু করতে পারে। শুধু ইন্দোনেশিয়া নয়, মালয়েশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভারতসহ দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশেই এ আশঙ্কা দেখা দিয়েছে।
ইন্দোনেশিয়া: ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বোমা হামলার জন্য আলোচিত সংগঠন জেমাহ ইসলামিয়া (জেআই)। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনটির কারাবন্দী নেতা আবু বকর বশির কারাগারে থেকেই গত মাসে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। গত সপ্তাহে আইএস-সংশ্লিষ্ট ইসলামপন্থীরা সেখানকার ইউনেসকো-ঘোষিত বিশ্ব ঐতিহ্য কেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় জাভায় নিরাপত্তা জোরদার করা হয়।
আইএসের নেতা ও তাদের ‘খিলাফত’ রাষ্ট্রের স্বঘোষিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদির সমর্থনে ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই কট্টরপন্থীদের সমবেত হচ্ছে। আইএসের পতাকা বহনের অভিযোগে চলতি মাসে সাতজনকে আটক করা হলেও ২৪ ঘণ্টার মধ্যে তাদের ছেড়ে দেওয়া হয়। কারণ, ইন্দোনেশিয়া আইএসকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দিলেও সংগঠনটিকে সমর্থনের জন্য কারও বিচার করার আইনি ভিত্তি তৈরি করা হয়নি।
মালয়েশিয়া: মালয়েশিয়া গত ১৩ আগস্ট ১৯ ব্যক্তিকে গ্রেপ্তারের ঘোষণা দেয়। কর্তৃপক্ষের ভাষ্যমতে, তারা আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিল। রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন পানশালায় বোমা হামলারও পরিকল্পনা ছিল তাদের। আইএসে যোগ দিতে মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ জন মধ্যপ্রাচ্যে গেছে বলে ধারণা করা হয়।
পাকিস্তান: পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার খবরে বলা হয়, খাইবার পাখতুনপাখওয়া প্রদেশের পেশোয়ারে সম্প্রতি ‘ফাতাহ’ (বিজয়) শিরোনামে আইএসের পুস্তিকা বিলি করা হয়েছে। পশতু ও দারি ভাষায় ছাপা ওই পুস্তিকা আফগান সীমান্তবর্তী অন্য এলাকায়ও বিলি হয়েছে।
আফগানিস্তান: আফগানিস্তানের জঙ্গি সংগঠন হিজব-ই-ইসলামি ইঙ্গিত দিয়েছে, তারা আইএসে যোগ দিতে পারে। তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপটির কমান্ডার মিরওয়াইস বলেন, আইএস যদি সত্যিকারের ইসলামি খিলাফত গড়ে তুলতে পারে, তবে তাঁরা সংগঠনটির সঙ্গে যোগ দেবেন।
ভারত: ইন্দোনেশিয়ার পর বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান রয়েছে ভারতে। দেশজুড়ে আইএসের প্রতি সহানুভূতিশীল লোকের সংখ্যা বাড়তে থাকায় ভারত চরমভাবে উদ্বিগ্ন। এরই মধ্যে দেশটি থেকে অন্তত চারজন আইএসে যোগ দিতে মধ্যপ্রাচ্যে গেছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে লড়াইয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দখলে যুক্তরাজ্যের সমান ভূখণ্ড!: বর্তমানে ইরাক ও সিরিয়ার যেসব এলাকা আইএসের দখলে রয়েছে, তার মোট আয়তন যুক্তরাজ্যের সমান। তেল বিক্রি ও মুক্তিপণ আদায় করে গড়ে প্রতিদিন ছয় লাখ পাউন্ডের সমপরিমাণ অর্থ আয় করছে জঙ্গি সংগঠনটি। তাদের যোদ্ধা কমবেশি ১০ হাজার। যুক্তরাষ্ট্রের এক সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা এ কথা বলেছেন। সূত্র: আল-জাজিরা, বিবিসি ও পিটিআই।