ডায়রিয়া, ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে গত এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা দেখা দেওয়ার পর এবার এর পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া, ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এসব রোগে বাংলাদেশ ও নেপালে ইতিমধ্যে আক্রান্ত হয়েছে কয়েক হাজার মানুষ।

সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তা ও বিভিন্ন ত্রাণ সংস্থার বরাতে গত বুধবার এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, দুই মাস ধরে চলা ওই বন্যায় মারা গেছে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ।

খবরে আরও বলা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার পর সেখানকার বিভিন্ন জেলায় প্রায় ১৩ হাজার মানুষ ডায়রিয়া ও শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোজহারুল হককে উদ্ধৃত করে বলা হয়, বিভিন্ন স্থানে ডায়রিয়া, ম্যালেরিয়া ও ডেঙ্গুর বিস্তার ঘটেছে। আরও মৃত্যু ও কষ্ট লাঘবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো দরকার।

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হিমালয় অঞ্চলের দেশটিতে ২৬ হাজার ৯৪৪ জন ওই সব রোগে আক্রান্ত হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। গত ৩০ আগস্ট পর্যন্ত ৩৯ হাজার ৭১২ জন আক্রান্ত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনো মহামারি আকারে এসব রোগের প্রাদুর্ভাব ঘটেনি। এসব রোগের সম্ভাব্য বিস্তার ঠেকাতে বন্যা উপদ্রুত এলাকাগুলোতে নজরদারি রাখছেন স্বাস্থ্যকর্মীরা।

সেভ দ্য চিলড্রেন বলেছে, বন্যায় ভারতের পূর্বাঞ্চলীয় বিহারের নেপাল সীমান্তবর্তী এলাকাগুলোতে মনে হয় একটি বাড়িও নেই, যা অক্ষত অবস্থায় রয়েছে। সংস্থাটির মতে, শুধু ভারতেই বন্যা-পরবর্তী এই সময়ে ১ কোটি ৭০ লাখ শিশুর সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক পুষ্টি চাহিদা মেটানো দরকার।