ডিসেম্বরেই রাজা হচ্ছেন ভাজিরালংকর্ন

থাইল্যান্ডের সদ্য প্রয়াত রাজা ভুমিবল আদুলিয়াদেজের ছেলে মাহা ভাজিরালংকর্নকে আগামী ১ ডিসেম্বর দেশটির পরবর্তী রাজা ঘোষণা করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর দুই শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবার মৃত্যুর পর ভাজিরালংকর্ন ঘোষণা দেন, এক বছর পর তিনি রাজা হিসেবে দায়িত্ব নেবেন। তিনি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সাবেক সেনাপ্রধান প্রেম তিনসুলানন্দা রাজপ্রতিভূ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা করা হয়। এ সপ্তাহান্তে যুবরাজের জার্মানি সফর করার কথা। এই প্রেক্ষাপটে যুবরাজ শেষ পর্যন্ত রাজা হতে পারবেন কি না, তা নিয়ে জনমনে সংশয় দেখা দেয়। এর মধ্যেই তাঁকে রাজা ঘোষণার প্রস্তুতির খবর পাওয়া গেল।
এক সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাজিরালংকর্ন সপ্তাহের শেষ দিকে জার্মানি যাবেন। সেখান থেকে নভেম্বরেই তাঁর দেশে ফেরার কথা। ১ ডিসেম্বর ভাজিরালংকর্নকে রাজা ঘোষণা করা হলেও পূর্বনির্ধারিত এক বছর পরই তাঁর অভিষেক হবে।
৬৪ বছর বয়সী যুবরাজ মাহা ভাজিরালংকর্ন প্রয়াত রাজার একমাত্র ছেলে। গত ১৩ অক্টোবর ৮৮ বছর বয়সে মারা যান ভুমিবল আদুলিয়াদেজ।
তবে দেশটির জনগণ ভুমিবলের উত্তরসূরি ভাজিরালংকর্নকে কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কেননা, তাঁর ভাবমূর্তি বাবার ধারেকাছেও নেই। দেশটির কঠোর আইন অনুযায়ী রাজা নির্বাচন কিংবা যুবরাজদের নিয়ে আলোচনার সুযোগ জনগণের নেই। কিন্তু বর্তমান যুবরাজ বিভিন্ন কারণে বিতর্কিত। তাঁর গ্রহণযোগ্যতা নিয়েও সংশয় রয়েছে।