ডুবে যাওয়া 'ইস্টার্ন স্টার'কে সোজা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ইয়াংজি নদীতে ডুবে উল্টে যাওয়া প্রমোদতরি ‘ইস্টার্ন স্টার’কে পুরোপুরি সোজা করেছে উদ্ধারকারী জাহাজগুলো। সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে, আরোহীদের আর কাউকে জীবিত উদ্ধারের আশা নেই। এর অর্থ, মৃতের সংখ্যা প্রায় ৪৪০ ছাড়িয়ে যেতে পারে। গতকাল শুক্রবার পর্যন্ত ৯৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
‘ইস্টার্ন স্টার’ পূর্ব চীনের নানজিং থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চোংকিংয়ে যাওয়ার পথে সোমবার রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ২৫০ ফুট লম্বা নৌযানটিতে ঘটনার সময় ৪৫৬ জন আরোহী ছিলেন। এঁদের বেশির ভাগই ছিলেন ৬০ বছরের বেশি বয়স্ক পর্যটক। মাত্র ১৪ জন আরোহী জীবিত উদ্ধার হয়েছেন। বলা হচ্ছে, চীনে গত প্রায় ৭০ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় নৌদুর্ঘটনা।
তরিটি ডুবে যাওয়ার পর ইয়াংজি নদীর কাদা রঙের জলরাশির ওপরে কেবল এর মাস্তুলের অংশটিই দেখা যাচ্ছিল। তবে গতকাল সকালেই এটির নাম লেখা অংশটি পানির ওপরে ভাসিয়ে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। পরে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশ করা একটি ছবিতে নৌযানটিকে পুরোপুরি সোজা অবস্থায় দেখা গেছে। এর ছাদ একেবারে ভেঙেচুরে গেছে।
এর আগে বলা হয়েছিল, ঘটনার ৭২ ঘণ্টা পর যদি প্রাণের কোনো সংকেত আর না পাওয়া যায়, তাহলে উল্টে থাকা নৌযানটিকে সোজা করে ফেলা হবে।
পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র সু চেংগুয়াং বলেন, পরবর্তী পদক্ষেপ হচ্ছে পুরো নৌযানটিকে ওপরে ভাসিয়ে ফেলা। এতে সব কেবিনে তল্লাশি করা যাবে। আর কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা ক্ষীণ বলেও জানান তিনি। সু বলেন, ‘এখনকার সার্বিক মূল্যায়ন হচ্ছে, কারও এখনো জীবিত থাকার আর আশা নেই।’
কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত ৯৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে। সে হিসাবে এখনো নিখোঁজ থাকা ৩৪০ জনের বেশি আরোহীর মৃতদেহ নৌযানটির ভেতরে আটকা পড়ে থাকতে পারে।