ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি উ. কোরিয়ার

উত্তর কোরিয়া দাবি করেছে, তারা ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে। এই দাবি সত্যি হলে তা অস্ত্রশস্ত্রের দিক দিয়ে সুস্পষ্টভাবেই দেশটির এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করবে। খবর বিবিসির।
কমিউনিস্ট দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন অদূরে একটি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্যটি দেখছেন।
বিশ্লেষকেরা বলছেন, ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা কঠিন। এটি বেশ অগ্রসর প্রযুক্তি। এ কারণে ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালানোর ঘটনা সামরিক প্রযুক্তির দিক থেকে দেশটির এগিয়ে যাওয়ার বিষয়টিই তুলে ধরে। তবে এ খবরের সত্যতা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি।
রাষ্ট্রীয় গণমাধ্যমে পরীক্ষার সময় ও স্থানের কথা উল্লেখ করেনি। রাষ্ট্রীয় সংবাদপত্র রোদোং সিনমাম-এর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, কিম জং-উন কথিত ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষাটি কাছ থেকে দেখছেন। ওই পরীক্ষাটি দেশটির পূর্ব উপকূলীয় শহর সিনপোর কাছে চালানো হয়ে থাকতে পারে। চলতি বছরের শুরুতে ওই এলাকায় কৃত্রিম উপগ্রহের তোলা একটি ছবিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একটি ডুবোজাহাজ শনাক্ত করা হয়।
কিম জং-উন বলেন, বর্তমানে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও মর্যাদাকে আক্রমণ করা শত্রুপক্ষের ওপর সাগর থেকে আঘাত হানার মতো বিশ্বমানের কৌশলগত অস্ত্রের অধিকারী হয়েছে তাঁর দেশ।