ডেলটা ঠেকাতে সিডনিতে ৭ দিনের লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লকডাউনে সিডনির রেস্তোরাঁগুলো বন্ধ রয়েছে।
ছবি: এএফপি

করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থানীয় সময় আজ শনিবার থেকে এক সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে। অস্ট্রেলিয়ার সরকার সীমান্তে বিধিনিষেধ মেনে চলার বিষয়েও সতর্কতা জারি করেছে। খবর এএফপির।

বিমানবন্দর থেকে হোটেলে কোয়ারেন্টিনে রাখার পর ৮০ জনের বেশি আন্তর্জাতিক ফ্লাইটের ক্রুর করোনা শনাক্ত হয়। সিডনিতে স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ খুবই কম ছিল। পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসছিল, তখন হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্রাড হ্যাজার্ড বলেন, সিডনির আশপাশের চারটি প্রতিবেশী অঙ্গরাজ্যে লকডাউন চলছে। তিনি সাংবাদিকদের বলেন, ডেলটা ধরন খুব ভয়ংকর শত্রু। বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হলেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে।

ভারতে প্রথম করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ শনাক্ত হয়। নিউ সাউথ ওয়েলসের প্রধান গ্ল্যাডিস বেরেজিকলিয়ান স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সিডনির আশপাশের এলাকায় লকডাউন বাড়ানো হবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে।

সিডনির বাসিন্দাদের কমপক্ষে এক সপ্তাহ ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা, শরীরচর্চা ও স্কুলের জন্য তারা ঘর থেকে বাইরে যেতে পারবেন। সিডনি থেকে অন্য অঙ্গরাজ্যে কেউ যেতে পারবেন না।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে অন্যতম সফল দেশগুলোর একটি হলো অস্ট্রেলিয়া। সেখানকার ২ কোটি ৫০ লাখ মানুষের মধ্যে ৩০ হাজার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৯১০ জনের।