ডেলটার বিরুদ্ধে সুরক্ষা দেবে অমিক্রন, তবে...
টিকা নেওয়া থাকলে করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ অপর ধরন ডেলটার বিরুদ্ধে রোগ প্রতিরোধব্যবস্থা জোরদার করতে পারে। তবে যাঁরা টিকা নেননি, তাঁদের ক্ষেত্রে এমনটা হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এমনটাই ইঙ্গিত দিয়েছেন। খবর রয়টার্সের।
এক টুইটে সৌম্য স্বামীনাথন বলেন, ‘তাই করোনায় সংক্রমিত হওয়া টিকা নেওয়ার বিকল্প হতে পারে না, যেমনটা কেউ কেউ পরামর্শ দিচ্ছেন!’
অমিক্রন মোকাবিলায় টিকা কাজে লাগে—এ রকম একটি গবেষণা প্রসঙ্গে এই কথা বলেন ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী।
গবেষণাটিতে দেখা যায়, টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে অমিক্রনে সংক্রমিত ব্যক্তিদের ডেলটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ক্ষমতা অনেকটা বেড়ে গেছে, তবে যাঁরা টিকা নেননি, তাঁদের ক্ষেত্রে তা হয়নি।
গবেষকেরা এই প্রবণতার আলোকে করোনা মহামারি নিয়ে আশার কথা বলছেন। তাঁরা মনে করছেন, অমিক্রনের সংক্রমণ ডেলটার পুনরায় সংক্রমণের পথ বন্ধ করে দিচ্ছে। ফলে করোনার অধিকতর প্রাণঘাতী ধরন হিসেবে পরিচিতি পাওয়া ডেলটার সংক্রমণের দিন শেষ হয়ে আসছে।
এ কারণে গবেষকেরা অধিকসংখ্যক মানুষকে টিকা দেওয়ার ওপর জোর দিচ্ছেন।
তবে যাঁরা টিকা নেননি, তাঁরা অমিক্রনে সংক্রমিত হলেও ডেলটার বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষার সুবিধা পাবেন না।
গবেষণা নিবন্ধটি শিগগির স্বাস্থ্যবিজ্ঞান–বিষয়ক মার্কিন ওয়েব জার্নাল মেডআরজিভে প্রকাশিত হবে।