ডোকলামের মতো ঘটনার পুনরাবৃত্তি আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার স্বার্থে সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। চীনে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে গতকাল মঙ্গলবার একমত হন তাঁরা। এতে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ডোকলাম ইস্যুতে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছিল।

ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর গতকাল গণমাধ্যমে বলেন, চীনের সঙ্গে ‘দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের জন্য সীমান্তে শান্তি বজায় থাকা জরুরি।’

ডোকলাম নিয়ে উত্তেজনা প্রশমনের পর প্রথমবারের মতো সাক্ষাৎ হলো মোদি ও চিন পিংয়ের, কিংবা ভিন্নভাবে বললে তিন মাসের মধ্যে দুই রাষ্ট্রপ্রধানের এটি দ্বিতীয় সাক্ষাৎ।

এস জয়শঙ্কর বলেন, নরেন্দ্র মোদি ও সি চিন পিংয়ের মধ্যে ‘গঠনমূলক ও দূরদর্শী’ আলোচনা হয়েছে। এ ছাড়া পারস্পরিক আস্থা বাড়াতে ও জোরদার করতে উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রতিবেশী এই দুই দেশের নেতা গতকাল একমত হয়েছেন।

এদিকে সিনহুয়ার খবরে বলা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক ‘ঠিক পথে’ ফেরাতে চায় চীন। সি চিন পিং মোদিকে এ-ও বলেছেন যে সৌহার্দ্যপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক দুই দেশেরই কাম্য।

আইএএনএসের খবরে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী মোদি ও চীনের প্রেসিডেন্ট চিন পিং গতকালের ওই পার্শ্ব বৈঠকে ডোকলামের মতো ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না বলেও সম্মত হয়েছেন।

গতকাল শেষ হয় নবম ব্রিকস সম্মেলন। এতে জোটের অংশীদার ভারত, চীন, ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়াতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়।

গত জুনে চীনা সেনাবাহিনী ডোকলামে রাস্তা তৈরির উদ্যোগ নিলে ভারতীয় সেনারা তাদের বাধা দেয়। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে পরে সেখানে সেনা সমাবেশ ঘটায় তারা। চীনে ব্রিকস শীর্ষ সম্মেলন শুরুর কয়েক দিন আগে ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দুই দেশ। এরপর ডোকলাম নিয়ে উত্তেজনা ও অচলাবস্থা থেকে নয়াদিল্লিকে শিক্ষা নেওয়ার আহ্বান জানায় চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। পিএলএর একজন জ্যেষ্ঠ কর্নেল উ কিয়ান এক বিবৃতিতে বলেন, দুই দেশের মধ্যে অচলাবস্থা সৃষ্টির প্রেক্ষাপটে চীনের সেনারা তাদের সতর্ক পাহারা অব্যাহত রাখবে এবং জাতীয় ভূখণ্ড ও সার্বভৌমত্ব দৃঢ়ভাবে রক্ষা করবে।