
সম্প্রতি ভারতশাসিত কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনী যে ড্রোনটি ভূপাতিত করেছিল, তা কোনো সরকারের কাছে বিক্রি করা হয়নি বলে দাবি করেছে এটির নির্মাতা চীনা প্রতিষ্ঠান। পাকিস্তানের দাবি, এটি ভারতের গোয়েন্দা ড্রোন। ভারত সে অভিযোগ অস্বীকার করেছে।
১৫ জুলাই ড্রোনটি ভূপাতিত হওয়ার পরপরই ভারত সরকার দাবি করেছিল, এটি তাদের প্রতিরক্ষা বাহিনীর নয়। চীনা নির্মাতা প্রতিষ্ঠানের কথার পর দৃশ্যত ভারতীয় কর্তৃপক্ষের ওই দাবি পোক্ত হলো। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নাম উল্লেখ না করা ড্রোনটি তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান ডিজেআই। গ্লোবাল টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে ওই প্রতিষ্ঠানকে উদ্ধৃত করে বলা হয়, ভারত সরকার তাদের সরাসরি ক্রেতা নয়। ডিজেআইর তৈরি ভারতীয় গোয়েন্দা ড্রোন পাকিস্তান গুলি করে ভূপাতিত করেছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ দাবি করল প্রতিষ্ঠানটি।
ডিজেআইকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, তাদের কাছ থেকে ড্রোন যে কেউ কিনতে পারে। কেউ তাদের ওয়েবসাইটে ঢুকে অনলাইনেও ড্রোন কেনার চেষ্টা করতে পারে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত ডিজেআইয়ের সদর দপ্তর চীনের গুয়াংডংয়ের শেনঝেনে।
ড্রোনটি ধ্বংস করার পরপরই পাকিস্তান দাবি করেছিল, সেটি ভারতীয়। ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শংকর পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছিলেন, তাদের প্রতিরক্ষা বাহিনীর সংগ্রহে এমন ড্রোন নেই। ড্রোনটি ধ্বংসের পর প্রতিবাদ জানাতে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়।