থাইল্যান্ডের পুলিশ দাবি করেছে, ব্যাংককের মন্দিরে বিস্ফোরণের ঘটনা তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তুরস্কের নাগরিক এমরাহ দাভুতোগলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই ব্যক্তি ‘যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম’ বহন করেন বলে অভিযোগ করা হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
পুলিশ আরও বলছে, কম্বোডিয়া সীমান্তের কাছাকাছি থেকে গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তির আঙুলের ছাপ এর আগে উদ্ধার করা বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামে পাওয়া ছাপের সঙ্গে মিলেছে। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করে পুলিশকে বলেছেন, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন মাত্র।
পুলিশের উপপ্রধান চাকথিপ চাইজিন্দা বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি অভিযোগ অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব। এ পর্যন্ত তদন্তের অনেক অগ্রগতি হয়েছে, ইতিমধ্যে প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে।’
রাজধানী ব্যাংককের একটি হিন্দু মন্দিরে গত ১৭ আগস্টের ওই হামলায় ২০ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এই প্রথম থাই পুলিশ কোনো বিদেশি নাগরিকের নাম প্রকাশ করল। তদন্তের গতি ও পুলিশের দক্ষতা নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা হয়েছে। পুলিশ বলেছে, হামলায় আটজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ বলছে, সন্দেহভাজন তুর্কি নাগরিক দাভুতোগলুর স্ত্রী ওয়ানা সুয়ানসান একজন থাই নাগরিক। একটি সংঘবদ্ধ চক্র ওই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। সম্ভবত তারা তুরস্কের নাগরিক অথবা জাল পাসপোর্ট ব্যবহার করেছে। তবে সুয়ানসান নামের এক নারী তুরস্ক থেকে এএফপিকে মঙ্গলবার বলেছেন, তিনি গত তিন মাসের মধ্যে থাইল্যান্ডে যাননি।