তরাইকে যুক্ত করতে চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিরুদ্ধে ‘অলিখিত অবরোধ’ আরোপের অভিযোগ এনে বড় প্রতিবেশী দেশটির আচরণে ক্ষোভ প্রকাশ করেছে নেপালের শীর্ষ নেতৃত্ব। নেপালের উপপ্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দল কংগ্রেসও ভারতের আচরণে ক্ষুব্ধ। খবর কাঠমান্ডু পোস্ট ও ইকোনমিক টাইমসের।
নেপালের উপপ্রধানমন্ত্রী সি পি মৈনালি ভারতের বিরুদ্ধে নেপালকে খণ্ডিত করার চেষ্টার অভিযোগ এনেছেন। ভারত-সংলগ্ন নেপালের তরাই অঞ্চলে চলছে অবরোধ। এ জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন প্রায় বন্ধ হয়ে আছে। গত শনিবার কাঠমান্ডুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সে প্রসঙ্গে মৈনালি অভিযোগ করেন, ভারতীয় বংশোদ্ভূত মদেশীয়দের নেতৃত্বে যে অবরোধ চলছে, তা তরাই অঞ্চলকে ভারতের সঙ্গে একত্র করার ভারতীয় ষড়যন্ত্রের অংশ।
মৈনালি বলেন, ‘এ ধরনের আচরণ দুই দেশের শান্তিপূর্ণ অবস্থানের পক্ষে মঙ্গলজনক নয়। মদেশীয় প্রদেশের সঙ্গে পাঁচটি জেলাকে একত্র করা যাবে না। মদেশীয়দের এ দাবি যেকোনো মূল্যে রোধ করা হবে।’
এদিকে নেপালের সাবেক প্রধানমন্ত্রী এবং নেপাল কংগ্রেসের সভাপতি সুশীল কৈরালা বলেছেন, ভারতের জারি করা অলিখিত অবরোধ ভুল। দুই দেশের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এ সমস্যার সমাধান দাবি করেছেন কৈরালা। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র সফররত কৈরালাকে উদ্ধৃত করে কাঠমান্ডু পোস্ট এ খবর জানায়।
নেপালের মাওবাদী নেতা ও ইউসিপিএন (মাওবাদী) দলের চেয়ারম্যান পুষ্প কমল দহল বলেছেন, ‘ভারতের সঙ্গে বর্তমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় নেপাল। তবে যেকোনো অন্যায় চাপের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত আছি আমরা।’
সাবেক এই গেরিলা নেতা শনিবার গণমাধ্যমের সঙ্গে আলোচনায় এ কথা বলেন। প্রচণ্ড নামে অধিক পরিচিত পুষ্প কমল দহল বলেন, ‘আমরা ভারতের সঙ্গে থাকা সব দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান চাই। তবে ভারত যদি আমাদের নতজানু হতে বাধ্য করে, তবে এর শেষ না দেখা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’
নেপালে সদ্য প্রণীত সংবিধান প্রসঙ্গে দহল বলেন, সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে ভারত নেপালের মানুষকে শাস্তি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি বড় ভুল।