তাইওয়ানে মৃতের সংখ্যা বেড়ে ৩১

তাইওয়ানের বিমান সংস্থা ট্রান্স-এশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আজ বৃহস্পতিবার ৩১ জনে পৌঁছেছে। ওই বিমানের ১২ জন আরোহীর এখনো সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে বিমানটি যে নদীতে আছড়ে পড়ে, সেখানে তল্লাশি চালাচ্ছেন শতাধিক উদ্ধারকর্মী।
এএফপির খবরে জানানো হয়, স্বল্প দূরত্বে চলা ট্রান্স-এশিয়ার এটিআর ৭২-৬০০ উড়োজাহাজটি গতকাল দক্ষিণ-পূর্ব চীনের শহর শিয়ানমেনে যাচ্ছিল। স্থানীয় সময় বেলা ১১টার কিছু আগে তাইপের সংসান বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনে আগুন ধরে গেলে এটি গোত্তা খেয়ে নদীতে পড়ে যায়। উড়োজাহাজটির মোট ৫৮ আরোহীর মধ্যে বেশির ভাগই ছিলেন চীনা পর্যটক। এর মধ্যে যাত্রী ছিলেন ৫৩ জন ও উড়োজাহাজটির ক্রু ছিলেন পাঁচজন। নদীতে পড়ার পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে ১৫ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়।
দুর্ঘটনায় নিহত উড়োজাহাজটির পাইলট লিয়াও চিয়েন-সুংকে বীরের মর্যাদা দিয়েছে দেশটির বিমান কর্তৃপক্ষ। উড়োজাহাজটি যখন দুর্ঘটনাকবলিত হয়, তখন এটি জনবহুল এলাকার ওপর দিয়ে যাচ্ছিল। সেখানে বেশ কিছু উঁচু দালান-কোঠা ছিল। বিমানটি লোকালয়ের ওপর আছড়ে পড়লে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক বেশি হতো। পাইলটের বিচক্ষণতার কারণে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে।
আরও পড়ুন......
গোত্তা খেয়ে নদীতে পড়ল উড়োজাহাজ