তাইওয়ান চীনেরই থাকবে: বেইজিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে স্বাধীনতাপন্থীদের জয়ের পর প্রতিক্রিয়ায় চীন বলেছে, তাইওয়ান চীনের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনে যারাই জিতুক না কেন, তাতে চীনের নীতি পরিবর্তিত হবে না। খবর এএফপির।
শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) স্বাধীনতাপন্থী নেতা সাই ইং-ওয়েন জয়লাভ করার পর ওই দিন মধ্যরাতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন ঘোষণা দেয়। সাই ইং-ওয়েন তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্বে চীন নামে একটাই দেশ আছে, এর মূল ভূখণ্ড ও তাইওয়ান—দুটোরই মালিক চীন।
তাইওয়ানের ক্ষমতাসীন কুওমিনটাং দলের প্রার্থীকে স্বাধীনতাপন্থী নেতা সাই ইং-ওয়েন পরাজিত করায় দেশটির সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সাই ইং-ওয়েন চীনের সঙ্গে বিদ্যমান সম্পর্ক বহাল রাখার পক্ষে মত দিলেও বলেছেন, চীনকে তাইওয়ানের গণতান্ত্রিক ব্যবস্থাকে শ্রদ্ধা করতে হবে।
তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। তারা বলে থাকে, দ্বীপটিকে নিজের নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও চীন প্রস্তুত।