তাইওয়ানে ৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে রাজি যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের কাছে ৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে রাজি হওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের আগ্রাসন থেকে দেশ রক্ষায় এসব অস্ত্র তাদের সাহায্য করবে।

তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধজাহাজের মহড়া
ছবি : এএফপি

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটা বড় ধরনের অস্ত্র বিক্রির ঘটনা। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এটি দেশের আত্মরক্ষা জোরদার এবং আঞ্চলিক শান্তি ও স্থায়িত্ব রক্ষায় কাজ করবে।

মন্ত্রণালয় আরও জানায়, ‘সম্প্রতি দেশটি ধারাবাহিকভাবে চীনের সামরিক আগ্রাসন ও হুমকিতে আছে। এমন পরিস্থিতিতে আমাদের সরকার জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে চাচ্ছে। দেশের জনগণের মুক্ত ও স্বাধীন জীবনযাত্রা নিশ্চিত করতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করা হবে।’

গত বুধবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ৪০টি ১৫৫ মিলিমিটার এমওয়ানজিরোনাইনএসিক্স মডেলের স্বচালিত কামান বিক্রির সুপারিশ করেছে। এখন কংগ্রেসের অনুমোদন পেলেই অস্ত্র বিক্রি করতে পারবে যুক্তরাষ্ট্র। স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ান প্রতিনিয়ত চীনের হামলার ঝুঁকিতে আছে। দীর্ঘদিন ধরে দ্বীপরাষ্ট্রটিকে চীন তাদের অঞ্চল বলে মনে করছে। এমনকি প্রয়োজনে জোর করে তাইওয়ান দখল করতে চায় তারা।

প্রেসিডেন্ট সি চিন পিং ক্ষমতায় আসার পর তাইওয়ানের ওপর বেইজিং সামরিক চাপ আরও বাড়িয়েছে। চায়নিজ যুদ্ধ ও বোমারু বিমান প্রতিদিনই তাইওয়ানের আকাশে মহড়া দিচ্ছে। দ্বীপের মূল ভূখণ্ডকে ঘিরে সম্প্রতি বালু উত্তোলনও বাড়িয়েছে চীন। এ ছাড়া চীনের পিপলস লিবারেশন আর্মি মাঝেমধ্যেই সামরিক মহড়ার আয়োজন করে। এসব কর্মকাণ্ড তাইওয়ানের ওপর চীনের আগ্রাসনের প্রতীক।

ওয়াশিংটন তাইপের বিষয়টি বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিকভাবে মোকাবিলা করছে। কিন্তু তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করতে হলে কংগ্রেসের কাছ থেকে অনুমতি নিতে হবে যুক্তরাষ্ট্রকে। তাইওয়ানের দীর্ঘদিনের সহযোগী দেশ জাপান, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন ছাড়া যুক্তরাষ্ট্র এর আগে কখনো তাইওয়ানকে রক্ষায় সরাসরি কোনো প্রতিশ্রুতি দেয়নি।

ভবিষ্যতে তাইওয়ানে কোনো ধরনের পরিবর্তন আনতে চাইলে বলপ্রয়োগের মাধ্যমে সেটা সম্ভব নয়, এটা বুঝতে পারছে যুক্তরাষ্ট্র। অপর দিকে তাইওয়ানের সামরিক বাহিনীতে চীনের প্রভাব রয়েছে, দেশটির সামরিক সরঞ্জামের অধিকাংশই চীনের তৈরি, এর মধ্যে যুদ্ধবিমানের বহরও রয়েছে। এ কারণে দেশটিতে অস্ত্র বিক্রি জোরদার করছে যুক্তরাষ্ট্র্। এএফপি, তাইপে