তাইওয়ানের পার্লামেন্টে এত হাতাহাতি কেন?

তাইওয়ানের পার্লামেন্ট ভবনের বাইরের পরিবেশটা বেশ শান্ত। সাদা ভবনটির সামনে দুই সারিতে সুসজ্জিত বাগান। বাতাসে পতপত করে ওড়ে চীন প্রজাতন্ত্রের (তাইওয়ান) পতাকা। যে কারও এ দৃশ্য দেখলে মন ভালো হয়ে যাবে।
কিন্তু এই মনোরম পরিবেশ দিয়ে পার্লামেন্টের ভেতরের দৃশ্যটা দেখলে তিতিবিরক্ত হতে পারেন। একেবারে ভিন্ন চিত্র সেখানে। পার্লামেন্ট অধিবেশন মানেই এখানে সমাধানের চেয়ে আইনপ্রণেতাদের হাতাহাতি, চুলোচুলি মুখ্য হয়ে ওঠে।
তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে কয়েক দিন পরপর আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি, চুলোচুলি হয়ে থাকে। কখনো বা তা সহিংস ঘটনায় রূপ নেয়।
প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্ট অধিবেশনে আইনপ্রণেতাদের হাতাহাতি ও চুলোচুলি চলতি মাসে আরও নোংরা আকার ধারণ করেছে। গত বৃহস্পতিবার অধিবেশন চলাকালে একজন আইনপ্রণেতা আরেকজনের দিকে চেয়ার তুলে ছুড়ে মেরেছেন। অবকাঠামোগত সংস্কার বিল নিয়ে সরকারি দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দল কুয়োমিনটাংয়ের (কেএমটি) এমপিরা। এতেই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি, চড়-থাপ্পড় বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, ওই ঘটনার রেশ আজও ছিল। আজ আইনপ্রণেতাদের কমিটির সভা ছিল। এতে কেএমটির এমপিদের সঙ্গে ক্ষমতাসীন ডিপিপির এমপিদের হাতাহাতি একপর্যায়ে কুস্তিতে পরিণত হয়। কেএমটির এমপিরা ডিপিপির এমপিদের মেঝেতে আছড়ে ফেলে দেন। ডিপিপির এমপিরা যাতে বিল পাসে সমর্থন দিতে না পারে, এ কারণে মাইকের তার খুলে ফেলা হয়। স্থানীয় সরকারের কর্মকর্তা, মন্ত্রী ও সরকারি সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় অনেকেই কান চেপে ধরেন, কেউ স্মার্টফোনে ব্যস্ত হয়ে পড়েন, আর কেউবা একদম পেছনের সারিতে বসে দিব্যি ঘুমিয়ে পড়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে সরকার ও বিরোধী দলের আইনপ্রণেতারা হাতাহাতি ও চুলোচুলি করেন। চিৎকার-চেঁচামেচি তো আছেই। এ ছাড়া একে অন্যদের দিকে প্লাস্টিকের বোতল, ওয়াটার বেলুন এমনকি মুখে পানির গ্লাস ছুড়ে মারা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কারণ, পার্লামেন্টে ১১৩টি আসন পাওয়ায় সংখ্যালঘু অবস্থানে বিরোধী দল। তাই হাতাহাতি করে কোনো বিলে সরকারি দলের এমপিদের ভোট দেওয়া থেকে বিরত রাখাই তাঁদের একমাত্র উপায়।
ড্যানি নামের একজন সাংবাদিক বলেন, পার্লামেন্ট অধিবেশনের সংবাদ প্রতিবেদন সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকেরা এ সংঘর্ষের ঘটনাগুলো গুরুত্বপূর্ণ কিছু মনে করেন না। বিষয়টি এতই স্বাভাবিক যে তাঁরা তা সব সময় এড়িয়ে মূল খবরের দিকে যান।
তবে, ড্যানিসহ তাইওয়ানের নাগরিকেরা বলেন, পার্লামেন্ট অধিবেশনে এমপিদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা সরাসরি সম্প্রচার করাটা অপমানজনক। এভাবে গণতন্ত্র এগোতে পারে না।
ড্যানি বলেন, সংঘর্ষের কারণে সাধারণ মানুষ আসলে পার্লামেন্টে উত্থাপিত বিলগুলো খুব একটা বুঝতে পারেন না। তাঁরা শুধু সংঘর্ষময় পরিবেশটাই দেখেন। আর কিছু না। আইনপ্রণেতারা যদি সংঘর্ষের চেয়ে বিলগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ তর্ক করেন, তাহলে সাধারণ মানুষও বিষয়গুলো জানতে পারবে।

এর আগে ২০০৪ সালের ২৩ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পুনর্গণনার দাবিতে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
২০০৪ সালের ৭ মে: আইন প্রণয়নের পদ্ধতি নিয়ে বিতর্কের জেরে আইনপ্রণেতা ঝু জিংয়ুর সঙ্গে এমপি উইলিয়াম লাইয়ের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে উইলিয়াম লাইয়ের মাথায় আঘাত করে তাঁকে টেবিলে ফেলে দেন ঝু। পরে তাঁর পেটে সজোরে ঘুষি মারেন।
২০০৪ সালের ২৬ অক্টোবর: সেনাবাহিনীর জন্য হার্ডওয়্যার ক্রয়সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে বিতর্কের জেরে সরকারি দল ও বিরোধী দল একে অপরের দিকে খাবার ছুড়ে মারে।
২০০৬ সালের ৩০ মে: মেইনল্যান্ড চায়নার সঙ্গে সরাসরি যোগাযোগব্যবস্থা চালুর বিরুদ্ধে ভোট ঠেকানোর চেষ্টা করছিলেন বিরোধী দল ডিপিপির এমপিরা। এ কারণে একটি লিখিত প্রস্তাবের কপি সরকারি দলের এমপির কাছ থেকে কেড়ে নিয়ে মুখে ঢুকিয়ে ফেলেন বিরোধীদলীয় এমপি ওয়াং শু-হুই। পরে সরকারি দলের এমপিরা মুখ থেকে ওই কাগজ বের করতে তাঁর চুল ধরে টানাটানি করেন। কিছুক্ষণ পর ওই কাগজ মুখ থেকে বের হলেও ততক্ষণে তা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়।

২০০৭ সালের ৮ মে: বার্ষিক বাজেট অধিবেশনের সময় স্পিকারের মঞ্চের নিয়ন্ত্রণ নিয়ে ডিপিপি ও কেএমটির এমপিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় ধাক্কাধাক্কি ও পানি ছুড়ে মারার কারণে একজন এমপিকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বেশ দেরিতে ওই বাজেট অধিবেশন শুরু হয়।
বিবিসি অনলাইন অবলম্বনে আবু হেনা মোস্তফা কামাল