তাইওয়ানের সঙ্গে যোগাযোগ বন্ধ করার ঘোষণা চীনের
তাইওয়ানের সঙ্গে যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। তাইওয়ানের বিরুদ্ধে ‘এক চীন’ নীতি প্রত্যাখ্যান করার অভিযোগ এনে আজ শনিবার চীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল শুক্রবার কম্বোডিয়া প্রতারণার অভিযোগে ২৫ জন তাইওয়ানি নাগরিককে চীনে প্রত্যর্পণ করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয় তাইওয়ান। তারা এসব নাগরিককে স্বদেশে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। এর আগেও কেনিয়া ও মালয়েশিয়া থেকে তাইওয়ানি নাগরিকদের চীনে পাঠানো হয়। এসব ঘটনায় চীনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছে তাইওয়ান। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।
তাইওয়ানকে বরাবরই স্বেচ্ছাচারী প্রদেশ হিসেবে গণ্য করে আসছে চীন। এদিকে দেশটি নিজেকে স্বাধীন দেশ হিসেবে পরিচয় দিয়ে আসছে। সেখানে রয়েছে স্বশাসন। গত মাসে নতুন প্রেসিডেন্ট তসাই ইং-ওয়েন ক্ষমতা নেওয়ার পর চীনের উদ্বেগ বেড়েছে। এই নারী প্রেসিডেন্ট আনুষ্ঠানিক স্বাধীনতার জন্য তোড়জোড় করবেন বলে ধারণা করছে তারা।