তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং সহায়তা পাওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
সাও টোমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চীন বলেছে, একচীন নীতির পথে ফিরে আসার মাধ্যমে সঠিক সিদ্ধান্তই নিয়েছে আফ্রিকার দেশটি। তবে পশ্চিম আফ্রিকার ছোট দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে কি না, তা খোলাসা করে বলেনি চীন।
তাইওয়ানের প্রেসিডেন্টের দপ্তর সাও টোমের এই সিদ্ধান্তের নিন্দা করে বলেছে, এ উদ্যোগ তাইওয়ান প্রণালিতে অস্থিতিশীলতার সৃষ্টি করবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এর সমালোচনা করেছে। তাইওয়ানি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লি অভিযোগ করেছেন, সাও টোমে তাদের কাছে বড় অঙ্কের অর্থনৈতিক সাহায্য চেয়েছিল। তা দিতে অস্বীকৃতি জানানোর ফলে দ্বীপরাষ্ট্রটি এই সিদ্ধান্ত নিয়েছে। ডেভিড লি বলেন, সাও টোমের অর্থনৈতিক চাহিদার সুযোগ নিয়ে একচীন নীতি চাপিয়ে দেওয়া উচিত হবে না বেইজিংয়ের।