তামিলদের স্বায়ত্তশাসনে মোদির সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীকে অধিকতর স্বায়ত্তশাসন দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী গতকাল শনিবার শ্রীলঙ্কার তামিল-অধ্যুষিত উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জাফনা পরিদর্শনে যান। খবর এএফপির।
তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর ৩৭ বছরব্যাপী লড়াইয়ের সময় উত্তর-পূর্ব শ্রীলঙ্কার জাফনা উপদ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওই গৃহযুদ্ধে অন্তত এক লাখ মানুষ নিহত হয়। তাদের অধিকাংশই তামিল সম্প্রদায়ের। যুদ্ধ অবসানের কয়েক বছর পরও জাফনা অঞ্চলে এখনো সামরিক বাহিনীর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে।
জাফনায় ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তামিল সম্প্রদায়ের শীর্ষ রাজনীতিক সি ভি উইগনেসওয়ারান। তিনি শ্রীলঙ্কার তামিলদের জন্য একটি রাজনৈতিক মীমাংসার নিশ্চয়তা দেওয়ার জন্য মোদির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা ন্যায়বিচার ও মর্যাদা চাই।’
মোদি জাফনায় ভারতের অর্থায়নে একটি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন করেন। এ ছাড়া গৃহহীনদের কাছে ৫০ হাজারের বেশি বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। তারা গৃহযুদ্ধের সময় বাড়িহারা হয়েছিল।
প্রভাবশালী প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রীর এই সফর শ্রীলঙ্কার তামিলদের জন্য সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর বাসিন্দাদের সঙ্গে শ্রীলঙ্কার তামিলদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এ কারণে শ্রীলঙ্কার তামিলদের বিষয়টি ভারতের রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
শ্রীলঙ্কার সংখ্যালঘু সম্প্রদায়কে অধিকতর স্বায়ত্তশাসনের দাবির প্রতি ভারত দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছে। তবে জাফনা থেকে নির্বাচিত তামিল আইনপ্রণেতা সুরেশ প্রেমাচন্দ্রন বলেছেন, তাঁদের দাবির সমর্থনে দীর্ঘদিনের মধ্যে মোদিই সবচেয়ে জোরালো বক্তব্য দিয়েছেন।
জাফনা সফরে যাওয়ার আগের দিনই রাজধানী কলম্বোয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠকে মোদি ১৯৮৭ সালের সংবিধান অনুযায়ী তামিলদের আরও বেশি স্বায়ত্তশাসন দেওয়ার আহ্বান জানান। তিনি তখন বলেন, ‘শ্রীলঙ্কা কয়েক দশক ধরে বেদনাদায়ক সহিংসতা ও হানাহানি অতিক্রম করেছে। আপনারা সন্ত্রাসবাদকে সফলভাবে পরাজিত করেছেন এবং লড়াইয়ের ইতি টেনেছেন। এখন সমাজের সর্বস্তরের মানুষের মন জয় করার এবং ক্ষত দূর করার ঐতিহাসিক সুযোগ আপনাদের সামনে এসেছে।’
গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ বছর পর ২০১৩ সালের সেপ্টেম্বরে একটি তামিল পরিষদ নির্বাচিত হলেও তাকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়নি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পর দ্বিতীয় বিদেশি নেতা হিসেবে মোদি জাফনা সফর করেন। কলম্বোয় কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কায় গিয়ে জাফনা সফর করেছিলেন ক্যামেরন।
জাফনায় আবার রেল যোগাযোগ চালুর জন্য ভারত ঋণসহায়তা দিয়েছে। শ্রীলঙ্কার নাজুক রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য মোদি ৩১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রেসিডেন্ট সিরিসেনা গত জানুয়ারিতে ক্ষমতায় এসেছেন। তিনি জাতিগত পুনর্মিলন এবং যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।