তালেবান নেতা মোল্লা মনসুর 'বন্দুকযুদ্ধে আহত'

আফগান তালেবান নেতা মোল্লা আখতার মনসুর পাকিস্তানে জঙ্গিদের এক বৈঠকে ‘বন্দুকযুদ্ধে গুরুতরভাবে আহত’ হয়েছেন বলে তালেবান সূত্র জানিয়েছে।
তালেবান সূত্র এই তথ্য জানিয়েছে বলে গতকাল বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়।
একটি সূত্র জানায়, পাকিস্তানের কোয়েটার উপকণ্ঠে বৈঠক চলাকালে তর্কবিতর্কের একপর্যায়ে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে চার তালেবান বন্দুকধারী নিহত হয়েছে। আহত হয়েছেন মোল্লা মনসুর।
অন্য একটি প্রতিবেদনে বলা হয়, ‘বন্দুকযুদ্ধে’ মোল্লা মনসুর নিহত হয়েছেন। তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
তালেবানের এক মুখপাত্র কথিত বন্দুকযুদ্ধে মোল্লা মনসুরের আহত বা নিহত হওয়ার তথ্য অস্বীকার করেছেন।
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর কথা গত জুলাইয়ে স্বীকার করে জঙ্গি সংগঠনটি। ওই স্বীকারোক্তি অনুযায়ী, ২০১৩ সালে মোল্লা ওমরের মৃত্যু হয়।
এরপর মোল্লা ওমরের দীর্ঘদিনের উপনেতা মোল্লা আখতার মনসুরকে শীর্ষ নেতা ঘোষণা করে তালেবান। এ নিয়ে তালেবানের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়।