তালেবান নেতার বৃক্ষপ্রেম

আফগানিস্তানের জনগণের প্রতি ব্যতিক্রমী এক বার্তাই দিলেন তালেবান প্রধান হায়বাতুল্লাহ আখুনজাদা। ওই বার্তায় আফগানদের প্রতি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার এক বিবৃতিতে এই তালেবান নেতা বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘পৃথিবীকে সুন্দর করা ও মহান আল্লাহর সৃষ্টির সুবিধা নেওয়ার জন্য একটি অথবা একাধিক ফল গাছ বা অন্য কোনো গাছ লাগান।’
পরিবেশ ইস্যু নিয়ে কোনো তালেবান নেতার এমন বিবৃতি দেওয়ার ঘটনা বিরল।
আখুনজাদা গত বছরের মে মাসে তালেবান প্রধান নির্বাচিত হন। সামরিক প্রধানের চেয়ে ধর্মীয় নেতা হিসেবে তাঁর অনেক সুনাম রয়েছে। রোববারের ওই ‘বিশেষ বার্তা’ তালেবানদের দাপ্তরিক কার্যালয়গুলোতে দেওয়া হয়েছে।
আফগান তালেবানদের ওয়েবসাইট জিহাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পরিবেশ সংরক্ষণ, পৃথিবীর সৌন্দর্য এবং অর্থনৈতিক উন্নয়নে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ এ কারণে এই বিবৃতি দেওয়া হয়েছে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির একজন মুখপাত্র শাহ হুসাইন মুরতাজা ওই বিবৃতিকে অপরাধ এবং ধ্বংসযজ্ঞ থেকে জনগণের দৃষ্টি আড়াল করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন।
১৯৯৬ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় দেশটিতে তালেবান নেতৃত্বের পতন ঘটে।