তালেবানকে অভিনন্দন আল-কায়েদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একিউএপিকে আল-কায়েদার সবচেয়ে ভয়ংকর শাখা হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র
ফাইল ছবি: এএফপি

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর তালেবানকে অভিনন্দন জানিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদার ইয়েমেন শাখা। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, তালেবানকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অভিযান চালিয়ে যাওয়ার কথা বলেছে আল-কায়েদা।

অনলাইনে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সে প্রকাশ করা হয়েছে আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) বিবৃতি। গতকাল বুধবার এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘অধিকার ফিরিয়ে আনতে এবং দখলদারদের বিতাড়িত করতে জিহাদ বৈধ ও বাস্তবসম্মত উপায়’—তালেবানের জয় থেকে এটাই বোঝা যায়। গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার তৎপরতা প্রতারণার শামিল। এটি একই পথে ঘুরপাক খাওয়ার মতো, যার শুরু ও শেষে কিছুই নেই।

একিউএপিকে আল-কায়েদার সবচেয়ে ভয়ংকর শাখা হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। গত রোববার তালেবানের কাবুল দখলের দিনও ইয়েমেনে উল্লাস করতে দেখা যায় জঙ্গি সংগঠনটির সদস্যদের। এ সময় তারা আতশবাজি ও ফাঁকা গুলি করে তালেবানের ক্ষমতা দখল উদ্‌যাপন করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

তালেবানের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক বেশ পুরোনো। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। সে সময় আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল তারা। তালেবানের এই পৃষ্ঠপোষকতার কারণে ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। সে বছরই পতন হয় তালেবান সরকারের।