তালেবানকে একত্রে রুখবে পাকিস্তান ও আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবেশী আফগানিস্তানের সরকার ও সে দেশে নিয়োজিত বহুজাতিক বাহিনীর (ইসাফ) সহায়তার আশ্বাস পেয়েছে পাকিস্তান।
এদিকে পাকিস্তানে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জনের ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট। মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের এক দিন পর এই ক্ষমাপ্রার্থনা নাকচ করা হলো দেশটিতে। খবর বিবিসি, এএফপি ও ডনের।
আফগান তালেবানের কুনার প্রদেশভিত্তিক একটি শাখার বিরুদ্ধে অভিযান পরিচালনায় গত বুধবার আফগানিস্তানের সরকার ও ইসাফ বাহিনী পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফকে সহায়তার আশ্বাস দিয়েছে। পাকিস্তানের পেশোয়ারের আর্মি স্কুলে গত মঙ্গলবার তালেবানের ভয়াবহ হামলার পেছনে তালেবানের এই শাখা জড়িত বলে মনে করা হচ্ছে। হামলায় স্কুলটির ১৩২ শিক্ষার্থী নিহত হয়।
হামলার ঘটনার পরের দিন বুধবার আফগানিস্তানে এক অনির্ধারিত সফরে যান রাহিল শরিফ। সঙ্গে ছিলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান রিজওয়ান আখতার। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও ইসাফ কমান্ডার জন ক্যাম্পবেলের সঙ্গে সন্ত্রাস দমনে গোয়েন্দা সহযোগিতার বিষয়ে আলোচনা করাই ছিল তাঁর এ সফরের লক্ষ্য।
প্রেসিডেন্ট গনির সঙ্গে বৈঠক শেষে পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জেনারেল রাহিল শরিফকে আফগান প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে তৎপরতা চালাতে সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। এ রকম কোনো লক্ষণ দেখলে তাৎক্ষণিকভাবে সেটার মূলোৎপাটন করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট গনি ও জেনারেল ক্যাম্পবেল উভয়েই এ নিশ্চয়তা দিয়েছেন, পেশোয়ার হামলার জন্য দায়ী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাঁরা। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কুনারভিত্তিক শাখা জামাআতুল আহরার ওই হামলা চালানোর দাবি করেছে। শাখাটির নেতৃত্বে রয়েছেন ওমর খোরাসানি।
ক্ষমাপ্রার্থনা নাকচ: সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ১৭ ব্যক্তির ক্ষমার আবেদন গতকাল বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন। এঁদের মধ্যে ১০ জন পাঞ্জাবের, ছয়জন সিন্ধু ও একজন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাসিন্দা। 
বুধবার পেশোয়ারে এক সর্বদলীয় বৈঠকে পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে এখন এই ১৭ জনের ফাঁসি শিগগিরই কার্যকর করা হবে বলে খবরে বলা হচ্ছে।
গাড়ির মালিক আটক: স্কুলে হামলা চালানোর আগে অস্ত্রধারীদের ব্যবহার করা গাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সন্ত্রাসীদের সঙ্গে তাঁর কোনো যোগসাজশ আছে কি না, জিজ্ঞাসাবাদে তা খতিয়ে দেখা হচ্ছে।
কর্মকর্তারা বুধবার এই তথ্য জানিয়ে বলেছেন, আটক ব্যক্তি তাঁর গাড়ি সন্ত্রাসীদের ব্যবহারের জন্য দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর একজন আত্মীয় গাড়িটি তাঁর কাছ থেকে ধার করেন।
পরিকল্পনাকারীর জামিন: ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার কথিত পরিকল্পনাকারী জাকি-উর-রহমান লাকভিকে গতকাল জামিন দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ওই হামলায় জড়িত সন্দেহে পাকিস্তানে পাঁচ বছরের বেশি সময় ধরে নিরাপত্তা হেফাজতে রয়েছেন পাঁচ ব্যক্তি। 
পেশোয়ারে স্কুলে হামলাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান সরকার যখন কঠোর হওয়ার অঙ্গীকার করেছে, ঠিক তখন এমন একজন সন্দেহভাজন সন্ত্রাসীকে জামিন দিলেন আদালত।
এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।