তালেবানদের থেকে সীমান্ত-ক্রসিং দখলের প্রস্তুতি নিচ্ছে আফগান সরকার
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে তালেবানদের দখল করে নেওয়া একটি সীমান্ত-ক্রসিং পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। সেখানে খুব শিগগির সেনাসদস্যদের পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর এএফপির।
স্থানীয় সময় গতকাল শনিবার আফগানিস্তানের হেরাত প্রদেশ সরকারের মুখপাত্র জিলানি ফরহাদ এ তথ্য জানিয়েছেন। এর আগে তুর্কমিনিস্তানের সীমান্তবর্তী টোরঘুনদি ও ইরানের নিকটবর্তী ইসলাম কআলা শহরের সীমান্ত-ক্রসিং নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে তালেবানরা। হেরাত প্রদেশের পাঁচটি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা।
জিলানি ফরহাদ এএফপিকে বলেন, ইসলাম কআলা শহরের সীমান্ত–ক্রসিং তালেবানদের কাছ থেকে পুনর্দখল করতে শিগগিরই সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হবে। এটি ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যের জন্য সবচেয়ে বড় প্রবেশপথ। সেখান থেকে ইরান সরকারের মাসে দুই কোটি ডলার রাজস্ব আসে।
এদিকে দেশটির বাঘদিস প্রদেশের নিয়ন্ত্রণ ফিরে পেতে চলতি সপ্তাহে প্রথমবারের মতো তালেবানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আফগান কমান্ডোরা। এর জের ধরে প্রদেশের রাজধানী কআলা-ই-নাও শহর থেকে নিরাপদে সরে গেছে সেখানের হাজার হাজার বাসিন্দা। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কআলা-ই-নাও শহর এখন তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে। তবে স্থানীয় এক কর্মকর্তা জানান, গতকাল রাতে তালেবানরা সেখানে আবারও হামলা চালায়। একই দিনে কাবুলের পাশে লাঘমান প্রদেশের একটি জেলা দখলের দাবি করেছে গোষ্ঠীটি।
আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন আগামী ৩১ আগস্ট শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনী তার লক্ষ্য অর্জন করেছে। আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। আল-কায়েদাকে দুর্বল করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে আরও হামলা চালানোর বিষয়টি প্রতিহত করা হয়েছে।
আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর এক হাজারের বেশি সদস্য এ সপ্তাহের শুরুতে তাজিকিস্তানে পালিয়ে গেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আফগান-তাজিক সীমান্তের দুই-তৃতীয়াংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবানরা।
যুক্তরাষ্ট্রে সেনা সরিয়ে নেওয়া শুরুর পর থেকে তালেবানরা আফগানিস্তানের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে। শুক্রবার এই গোষ্ঠী দাবি করে, তারা আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা দখলে নিয়েছে। দেশটির ৪০০টির মধ্যে ২৫০টি জেলাই তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে।