তালেবানপ্রধানের মৃত্যুর তথ্য নিশ্চিত আফগানিস্তানের

তালেবান নেতা মোল্লা আখতার মানসুরের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আফগানিস্তান। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিদপ্তর (এনডিএস) গতকাল রোববার জানায়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি এলাকায় মোল্লা মানসুর নিহত হয়েছেন।
মোল্লা মানসুরের নিহত হওয়ার ব্যাপারে আফগানিস্তানের কাছ থেকেই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা এল। আফগানিস্তানের প্রধান নির্বাহী এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত শনিবার বলেন, মোল্লা মানসুর মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় সম্ভবত নিহত হয়েছেন। গত শনিবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে পাকিস্তানের আহমাদ ওয়াল শহরের কাছে মোল্লা মানসুর ও তাঁর এক যোদ্ধাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন ছিল।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ড্রোন হামলার সময় মোল্লা মানসুর ও তাঁর যোদ্ধা আফগান সীমান্তবর্তী পাকিস্তানের একটি প্রত্যন্ত এলাকায় গাড়িতে অবস্থান করছিলেন।
ঘটনার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, হামলায় তালেবানপ্রধান নিহত হয়েছেন কি না, তা তারা পর্যালোচনা করছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, হামলার বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে অবহিত করা হয়েছে।
তবে পাকিস্তান সরকার গতকাল বলেছে, ওই মার্কিন ড্রোন হামলা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন।
পাকিস্তানের ভাষ্য, ড্রোন হামলায় নিহত ব্যক্তিদের এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি।
নেতার নিহত হওয়ার খবরের বিষয়ে তালেবানের কাছ থেকে বিভ্রান্তিমূলক তথ্য পাওয়া গেছে।
তালেবানের এক জ্যেষ্ঠ কমান্ডার একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন, মোল্লা মানসুর নিহত হয়েছেন। তবে তাঁর ওপর হামলা হয়েছে গত শুক্রবার।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক তালেবান নেতা বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেন, খবরগুলো ভিত্তিহীন। মোল্লা মানসুর নিহত হননি।
মোল্লা মানসুরের নিহত হওয়া নিয়ে এর আগেও বেশ কয়েকবার গুজব ছড়িয়েছিল।
তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা ওমর ২০১৩ সালে মারা যান। তাঁর মৃত্যুর খবর ২০১৫ সালে নিশ্চিত করে জঙ্গি সংগঠনটি। ২০১৫ সালের জুলাইয়ে তালেবানপ্রধান হিসেবে নিযুক্ত হন মোল্লা মানসুর। তাঁর নিয়োগ নিয়ে সংগঠনে অন্তর্দ্বন্দ্বের খবর বের হয়।
আরও পড়ুন...
আফগান তালেবানপ্রধান সম্ভবত নিহত