তালেবানবিরোধী মিলিশিয়া নিয়ে আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে তালেবানবিরোধী মিলিশিয়া গোষ্ঠীর উত্থান দেশটিতে আরও বিভেদ সৃষ্টি করতে পারে। সংঘাতকে গুরুতর করতে পারে। ছবি: এএফপি
আফগানিস্তানে তালেবানবিরোধী মিলিশিয়া গোষ্ঠীর উত্থান দেশটিতে আরও বিভেদ সৃষ্টি করতে পারে। সংঘাতকে গুরুতর করতে পারে। ছবি: এএফপি

আফগানিস্তানে শান্তির দেখা নেই। দেশটিতে তালেবানদের উৎপাত লেগেই আছে। তাদের ঠেকাতে সেখানে মিলিশিয়া গোষ্ঠীর উত্থান ঘটেছে। এতে দেশটিতে আরও অস্থিতিশীলতার আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, স্বল্পমেয়াদে নিরাপত্তার বন্দোবস্ত করতে দেশটির সরকার হাজারো মিলিশিয়াকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এই মিলিশিয়া গোষ্ঠীগুলোর উত্থান আফগানিস্তানে আরও বিভেদ সৃষ্টি করতে পারে। দেশটিতে চলমান সংঘাতকে আরও গুরুতর করে তুলতে পারে।
আফগানিস্তানের অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, নব্বইয়ের দশকের গৃহযুদ্ধ দেশটিতে তালেবানের উত্থানের পথ সুগম করেছিল।
আফগানিস্তানে সক্রিয় একটি মিলিশিয়া গোষ্ঠীর নেতৃত্বে আছেন নাঈম নামের এক কমান্ডার। দেশটির ফারয়েব প্রদেশের সহিংস পশতুনকোট জেলায় তাঁর অধীনে প্রায় ২০০ যোদ্ধা আছেন। তালেবানের কাছ থেকে এলাকাটিকে রক্ষা করতে এই যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
মিলিশিয়া কমান্ডার নাঈমের ভাষ্য, তাঁদের উত্থান না ঘটলে কয়েক মিনিটের মধ্যে জেলার দখল নিত তালেবান। গ্রামে চালাত হত্যাযজ্ঞ। তাঁরা না থাকলে ফারয়েব হতো আরেক কুনদুজ।
গত সেপ্টেম্বরে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুনদুজের দখল নেয় তালেবান। ওই ঘটনাকে গত ১৪ বছরের মধ্যে তালেবানের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হয়।
এক পশ্চিমা কর্মকর্তার ভাষ্য, ফারয়েবে অনিয়মিত বা আধা নিয়মিত সশস্ত্র গোষ্ঠীগুলোতে প্রায় পাঁচ হাজার যোদ্ধা রয়েছে। রাজনীতিবিদেরা অঞ্চলটিতে হাজারো যোদ্ধা যুক্ত করতে সচেষ্ট।

পর্যবেক্ষকদের মতে, সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর দ্রুত বিস্তার আফগানিস্তানের জন্য আরেকটা অশনিসংকেত হিসেবে কাজ করছে। এই গোষ্ঠীগুলোর ইতিহাস মোটেও সুবিধার নয়। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। আছে সরকারের অবাধ্য হওয়ার নজির।

সরকারের পর্যাপ্ত নজরদারি ও নিয়ন্ত্রণের অভাব এবং দুর্নীতি ও দণ্ড থেকে দায়মুক্তির সংস্কৃতির কারণে কোনো কোনো মিলিশিয়া গোষ্ঠী নৃশংস অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের তৎপরতায় কোনো গ্রামে চরম ভীতিকর পরিবেশ বিরাজ করছে।

আফগানিস্তানের একটি চিন্তন প্রতিষ্ঠানের গবেষক ওবায়েদ আলীর ভাষ্য, মিলিশিয়া গোষ্ঠীগুলোর অন্তর্দ্বন্দ্ব, ঘাত-প্রতিঘাতের কারণে কোনো কোনো এলাকার পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

ওবায়েদ আলী বলেন, যা-ই বলা হোক না কেন, শেষ বিচারে এই মিলিশিয়া গোষ্ঠীগুলোর লক্ষ্য—পাচার ও চাঁদাবাজির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা।

আফগানিস্তানে একটি আত্মনিয়ন্ত্রিত বাহিনী গড়ার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্যয়বহুল ওই প্রকল্পের ব্যর্থতা স্পষ্ট হয় দেশটিতে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর উত্থানে। জঙ্গিদের সামাল দিতে সরকারি বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে। তাদের পক্ষে নিয়মিত হতাহতের ঘটনাও ঘটছে।