তালেবানের অর্থ বিভাগের প্রধান এখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য আফগানিস্তান ব্যাংক (ডিএবি)
ছবি: দ্য আফগানিস্তান ব্যাংক (ডিএবি) ওয়েবসাইট থেকে

আফগানিস্তানের দ্য আফগানিস্তান ব্যাংকের (ডিএবি) নতুন গভর্নর হিসেবে  হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেওয়া হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানভিত্তিক আফগান ইসলামিক প্রেসকে (এআইপি) এ তথ্য জানান বলে বিবিসির খবরে বলা হয়।

দেশটির অর্থ মন্ত্রণালয় শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়ার পরই গভর্নরের নাম ঘোষণা করা হয়।

তালেবান বাহিনী আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব জব্দ করে রাখা হয়। পাশাপাশি ব্যাংকের কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

তালেবানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইদ্রিস উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজান থেকে আসা। বাহিনীর সাবেক নেতা মোল্লা আখতার মানসুরের সঙ্গে অর্থনীতি বিষয়ে তাঁর কাজের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। মোল্লা আখতার ২০১৬ সালে ড্রোন হামলায় নিহত হন।

তালেবানের বাইরে ইদ্রিস তেমন পরিচিত নন। এমনকি অর্থনীতির ওপর তাঁর প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ বা উচ্চশিক্ষাও নেই। তিনি তালেবান বাহিনীর অর্থ বিভাগে প্রধান ছিলেন। ফলে তাঁর অভিজ্ঞতার ওপর বাহিনীর আস্থা আছে বলে ওই কর্মকর্তা জানান।