তালেবানের কবজায় ‘লায়ন অব হেরাত’ ইসমাইল
আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হেরাত এখন তালেবানের দখলে। এ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানকার অন্যতম স্থানীয় কমান্ডার ইসমাইল খানকে আটক করেছে তালেবান। গত জুলাইয়ে হেরাতে যখন লড়াই তীব্র আকার ধারণ করে, তখন সম্মুখসমরে অংশ নেন এ আফগান কমান্ডার। খবর আল–জাজিরার।
আফগানিস্তান সরকারের হয়ে হেরাতে কাজ করছিলেন ইসমাইল খান। তাঁকে ‘লায়ন অব হেরাত’ হিসেবে আখ্যা দেওয়া হয়। আফগান বাহিনীর হয়ে সশস্ত্র সংগঠন তালেবানের বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, তাঁদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ডার ইসমাইল খান।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হেরাত প্রদেশের কাউন্সিল সদস্য গুলাম হাবিব হাশিমি গতকাল শুক্রবার বলেন, হেরাত পতনের পর চুক্তি অনুসারে ইসমাইল খানকে তালেবানের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া ওই প্রদেশের গভর্নর এবং নিরাপত্তাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকেও তালেবানের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ঠিক কী চুক্তির ভিত্তিতে তাঁদের তালেবানের হাতে তুলে দেওয়া হয়েছে, তা জানাননি তিনি।
এদিকে তালেবানের হাতে ইসমাইল খানের আটকের তথ্য নিশ্চিত করেছেন সশস্ত্র সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। আল–জাজিরার খবরে বলা হয়েছে, এমন সময়ে এই খবর এল, যখন দেশটির ৩৪টি প্রদেশের ১৮টির রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে। প্রায় এক সপ্তাহের মধ্যে এই রাজধানী শহরগুলোর নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে গেল।
এদিকে ইসমাইল খানের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তালেবানের সঙ্গে সমঝোতা হয়েছে। এই সমঝোতার ভিত্তিতে ইসমাইল খানকে বাড়ি ফেরার সুযোগ দেওয়া হয়েছে।
১৯৭৯ সালে সরকারবিরোধী আন্দোলন শুরু হলে আফগানিস্তান সরকারের হয়ে কাজ করছিলেন ইসমাইল খান। এ অস্থিরতার সুযোগ নিয়ে আফগানিস্তানে হস্তক্ষেপ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েতের বিরুদ্ধে সে যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। এ যুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ‘লায়ন অব হেরাত’ হিসেবে পরিচিতি পান। ওই যুদ্ধের পর আর সম্মুখে ছিলেন না ইসমাইল খান। কিন্তু গত জুলাইয়ে হেরাতে তালেবান হামলা শুরু করলে ইসমাইল খান আবারও প্রকাশ্যে আসেন। তিনি এবং তাঁর যোদ্ধারা তালেবানের বিরুদ্ধে লড়াই শুরু করেন। তাঁদের প্রতিরোধের কারণে তালেবানের অগ্রযাত্রা ব্যাহত হয়েছিল। কিন্তু শেষমেশ হেরাত ধরে রাখতে পারেনি ইসমাইল খানের বাহিনী।
এদিকে হেরাতের পতনের পর সেখানকার বিমানবন্দরও তালেবানকে ছেড়ে দিতে সম্মত হয়েছে আফগান বাহিনী। একই সঙ্গে সেখানকার সেনাঘাঁটিও ছেড়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে এই বাহিনী। হেরাতের পতন প্রসঙ্গে হাশিমি বলেন, সরকারের যেসব কর্মকর্তা তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন, তাঁদের কোনো ক্ষতি না করার ব্যাপারে সম্মত হয়েছে তালেবান।