তালেবানের নেতৃত্বে মোল্লা মনসুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের তালেবান বাহিনীর নতুন নেতা নির্বাচিত হয়েছেন মোল্লা আখতার মনসুর। তালেবানের একজন জ্যেষ্ঠ নেতা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। গতকালই তালেবান আনুষ্ঠানিকভাবে মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগের দিনই আফগান সরকার মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করে। খবর রয়টার্স ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
তালেবানের জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাহিনীটির প্রভাবশালী নেতৃত্ব পরিষদ গতকাল মনসুরকে সংগঠনের প্রধান হিসেবে নিযুক্ত করেছে। তিনি আরও বলেন, পরিষদ উপনেতাও নির্বাচন করেছে। এ পদে নিযুক্ত করা হয়েছে হাক্কানিপ্রধান সিরাজুদ্দিন হাক্কানিকে, যিনি খলিফা নামেও পরিচিত।
নতুন নেতা মনসুর তালেবানের উপপ্রধান ছিলেন। আফগানিস্তানে কট্টরপন্থী তালেবানের শাসনামলে বিমান পরিবহনমন্ত্রী ছিলেন তিনি। প্রয়াত তালেবানপ্রধান মোল্লা ওমরের উত্তরসূরি হওয়ার তালিকায় থাকা দুজনের একজন ছিলেন মনসুর। আরেকজন হলেন মোল্লা বারদার আখন্দ।
এদিকে তালেবান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে। সংগঠনের আনুষ্ঠানিক নাম ব্যবহার করে এতে বলা হয়, ইসলামী আমিরাতের নেতৃত্ব ও মোল্লা ওমরের পরিবার ঘোষণা করছে যে নেতা মোল্লা ওমর একটি অসুখে ভুগে মারা গেছেন।