তালেবানের প্রত্যাবর্তন ও আফগানিস্তানের ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তান ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে কাবুল বিমানবন্দরে মানুষের ঢল
এএফপি

তালেবানের হাতে পতনের পর আফগানিস্তানের রাজধানী কাবুলের পরিস্থিতি ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। প্রেসিডেন্ট প্রাসাদসহ গুরুত্বপূর্ণ এখানকার সব প্রশাসনিক দপ্তর ও স্থাপনায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। আর নিরাপত্তা বাহিনী আত্মসমর্পণ করেছে সন্তর্পণে।

দীর্ঘ দুই দশক পর পুরো আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় আবার ফিরেছে তালেবান। তবে দেশটির ভবিষ্যৎ নিয়ে অনেক কিছুই এখনো ধোঁয়াশায়। এরপরও সংগঠনটির ঝোড়ো প্রত্যাবর্তনে যে প্রশ্নগুলো বিশেষভাবে সামনে উঠে আসছে তার প্রথমটিই হলো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত আফগান সরকারের ভাগ্যে কী ঘটল?

এ প্রশ্নের এককথায় জবাব, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাবুল সরকার প্রায় সম্পূর্ণ ধসে পড়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমিয়েছেন। আক্ষরিক অর্থে, এটি তালেবানের কাছে তাঁর ক্ষমতারই হস্তান্তর। প্রেসিডেন্ট আশরাফ গনিই শুধু নন, পশ্চিমা–সহায়তাপুষ্ট তাঁর প্রশাসনের প্রথম ভাইস প্রেসিডেন্ট ও তালেবানের অন্যতম কড়া সমালোচক আমরুল্লাহ সালেহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব এবং প্রেসিডেন্টের প্রশাসনিক কার্যালয়ের প্রধান ফাজেল ফজলিও পালিয়েছেন আফগানিস্তান ছেড়ে। তবে মন্ত্রিসভার সদস্যসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা কাবুলেই আছেন।

এখন দায়িত্বে কে: ১৫ আগস্ট তালেবান যোদ্ধারা কাবুলে ঢোকার পর শহরের কিছু অংশ তখনো আফগান নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। অবশ্য দ্রুতই তালেবানের কাছে আত্মসমর্পণ করে তারা। শহরটির এখানে–সেখানে কিছু বিক্ষিপ্ত গোলাগুলির শব্দ শোনা যায়। কিছু আফগান সেনা এবং পুলিশ সদস্য তখন নিজেদের ফাঁড়ি ও ইউনিফর্ম ছেড়ে অস্ত্র হাতে পালাচ্ছিলেন।

এরপর বেশি সময় অপেক্ষা না করে তালেবান যোদ্ধারা শহরের গুরুত্বপূর্ণ সরকারি ভবনের নিয়ন্ত্রণ নেন। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর এখনো নিয়ন্ত্রণ করছেন কিছুসংখ্যক মার্কিন সেনা। কাবুল থেকে বিদেশি কূটনীতিক, প্রবাসী ও আফগান যুদ্ধে মার্কিন বাহিনীকে সহায়তাকারী আফগান নাগরিকদের নিরাপদ প্রস্থানের কাজে সহায়তা করছেন।

ইউরোপে আফগানিস্তানের সাবেক কূটনীতিক ওমর সামাদ বলেন, ‘নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ইউনিটগুলো সব জায়গায় আছে। কিন্তু যিনি প্রধান, তিনি দেশ ছেড়ে পালানোর পর কোনো কমান্ডার ইন চিফ নেই।’

ইতিমধ্যে আফগানিস্তানের প্রভাবশালী সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই একটি ‘সমন্বয় কাউন্সিল’ গঠন করার কথা ঘোষণা করেছেন। এটি শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর দেখভাল করবে বলে জানান তিনি। তিন সদস্যের এই কাউন্সিলের সদস্যদের মধ্যে আছেন কাবুলের দ্বিতীয় শীর্ষ সরকারি কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ এবং সাবেক যুদ্ধবাজ ও মিলিশিয়া নেতা হেকমতিয়ার গুলবুদ্দিন।

আফগানিস্তান অ্যানালিস্টস নেটওয়ার্কের গবেষক আলী আদিলি বলেছেন, ‘দৃশ্যত এই কাউন্সিলই এখন কাবুলের দায়িত্বে। তবে কাউন্সিলকে অনুমোদন দিয়েছে কে, তা এখনো স্পষ্ট নয়।’

ভবিষ্যতে দায়িত্বে কারা: আফগান সরকারের সাবেক উপদেষ্টা তোরেক ফারহাদি বলেন, আফগানিস্তানে অধিকতর অন্তর্ভুক্তিমূলক একটি অন্তর্বর্তী সরকার গঠিত হলে সম্ভবত তাতে তালেবান প্রতিনিধিদের প্রাধান্য থাকবে।