তালেবানের মনে এক, মুখে কি আরেক
কথা তো ছিল কত কিছুই। তালেবানের কাবুল দখলের পর পার হতে চলল প্রায় এক সপ্তাহ। গত রোববার ক্ষমতা দখলের এক দিন পরেই তালেবানের পক্ষ থেকে এল প্রতিশ্রুতি। গত মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ প্রতিশোধ না নেওয়া, দেশ ছাড়তে আফগানদের বাধা না দেওয়া, গণমাধ্যমের স্বাধীনতা ও নারীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন। তবে আফগানরা স্বাভাবিকভাবেই তালেবান নেতার এসব গালভরা প্রতিশ্রুতিতে ভোলেননি। আর তাই দেশ ছাড়তে মরিয়া হয়েছেন তাঁরা। কাবুল বিমানবন্দরে পড়ে গেছে হুড়োহুড়ি। প্রাণও হারিয়েছে মানুষ। তালেবানদের কার্যকলাপ নিয়ে আন্তর্জাতিক বিশ্বও জানিয়েছে উদ্বেগ। আর এক সপ্তাহ পার হতে না হতে সেসব উদ্বেগই যেন সত্যি হতে চলেছে। তালেবানের কথায় আর কাজে যেন মিল পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার কাবুলের সরকারি একটি দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন আফগানিস্তানে আর সংঘাত চায় না তালেবান। দেশের ভেতর ও বাইরে আর কাউকে শত্রু হিসেবে চায় না। তারা সবাইকে ক্ষমা করে দিয়েছে। জাবিউল্লাহ ওই সংবাদ সম্মেলনে আফগানবাসীকে আশ্বাস দিয়ে বলেছিলেন, ‘কেউ আপনার দরজায় কড়া নাড়বে না।’ তাঁর এমন আশ্বাসের ঠিক উল্টোটাই ঘটেছে।
গত বৃহস্পতিবার জাতিসংঘের কাছে দেওয়া আরএইচআইপিটিও নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালিসিসের গোপন নথি থেকে জানা গেছে ভয়ংকর তথ্য। বিবিসির প্রতিবেদনে প্রকাশিত ওই নথির তথ্য থেকে জানা যায়, আফগানিস্তানে যাঁরা ন্যাটো বাহিনী অথবা সাবেক আফগান সরকারের জন্য কাজ করেছেন, তাঁদের খুঁজছে তালেবান। দরজায় কড়া না নাড়ার আশ্বাস দিলেও এসব ব্যক্তিকে খুঁজে বের করতে তালেবান দরজায় দরজায় যাচ্ছে। তালেবানের কালোতালিকায় থাকা এমন ব্যক্তি ও তাঁদের পরিবারের সামনে বড় বিপদ অপেক্ষা করছে। আরএইচআইপিটিও নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালিসিস গ্রুপের প্রধান ক্রিস্টিয়ান নেলম্যান বলছেন, তালেবান তাঁদের আটক করবে। বিচারব্যবস্থার মুখোমুখি করবে। তালেবান তাঁদের জিজ্ঞাসাবাদ করবে এবং তাঁদের পরিবারের সদস্যদের শাস্তি দেবে। এমনকি তাঁদের হত্যাও করা হতে পারে।
শুধু এই গোপন নথিই নয়; বিবিসি, সিএনএন, রয়টার্স ও এএফপির প্রতিবেদনে সম্প্রতি একাধিক আফগানের নাম ও পরিচয় গোপন রেখে তাঁদের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে। যেমন সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের হাতে মনিজার (ছদ্মনাম) মা নাজিয়ার (ছদ্মনাম) ভয়াবহ হত্যাকাণ্ডের খবর। দিনের পর দিন তালেবানদের জন্য খাবার বানিয়ে দিতে রাজি না হওয়ায় হামলা ও মারধরের শিকার হন নাজিয়া। পরে মৃত্যু হয় তাঁর।
বার্তা সংস্থা এএফপির আরেকটি খবরে জানা যায়, শান্তির কথা বললেও আফগানিস্তানের কুন্দুজে ৪০ জনের মতো কিশোর মাদ্রাসাছাত্রকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনে বাধ্য করেছিল তালেবান যোদ্ধারা। এক কিশোরের পিঠে বেঁধে দেওয়া হয় গ্রেনেড। গত এক সপ্তাহে এ রকম সহিংসতার ঘটনা কম নয়। এসব ঘটনা প্রমাণ করে, তালেবানদের শান্তির বাণী বাস্তবে রূপ নিচ্ছে সংঘাতে।
কথা ছিল, আফগানদের দেশ ছাড়তে বাধা দেবে না তালেবান। সে গুড়েও বালি। রোববার কাবুল দখলে নেওয়ার পর থেকে বিমানবন্দরে ঢল নেমেছে আফগানদের। দেশ ছাড়তে মরিয়া তাঁরা। কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে হতাহত হওয়ার ঘটনাও ঘটে। এই হিড়িকের মধ্যে খবর এসেছে, সাধারণ আফগানদের দেশ ছাড়তে বাধা দিচ্ছে তালেবান। বিবিসির খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শারমেন বলছেন, তাঁরা জানতে পেরেছেন, আফগানদের মধ্যে যাঁরা দেশ ছাড়তে চাইছেন, তাঁদের বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে তালেবান।
এ প্রসঙ্গে তিনি মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার হয়ে কাজ করা দোভাষী এক আফগানকে তালেবানদের গুলি করে হত্যা করার ঘটনা উল্লেখ করেন। ওই দোভাষী কাবুলের বিমানবন্দরে যাচ্ছিলেন। এসব ঘটনায় গত বুধবার এক সংবাদ সম্মেলনে আফগান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন উইন্ডি শারমেন।
তালেবান নারীদের অধিকার রক্ষার কথা বললেও উদ্বেগ আর শঙ্কায় দিন কাটছে তাঁদের। নারী অধিকার নিয়ে যদিও তালেবানের অবস্থান স্পষ্ট নয়। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ নারী অধিকার রক্ষার কথা বললেনও দোহার বৈঠকে তালেবানের পক্ষ থেকে শরিয়াহ আইনের আওতায় নারীদের অধিকার রক্ষার কথা বলা হয়। ফলে, আফগানের কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা রয়েছেন অদ্ভুত দোলাচলে। বিশেষ করে কর্মজীবী নারীরা আবার সংসার আর সন্তান জন্ম দেওয়ার মতো গণ্ডিবদ্ধ জীবনে ফেরার শঙ্কায় রয়েছেন। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে আফগান পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক কমিশনের সদস্য মরিয়ম সামার বলেন, তিনি তাখার ও হেরাতের এমন অনেক ঘটনা জানেন, যেখানে তালেবান সদস্যরা বহু অবিবাহিত ও বিধবা নারীকে জোর করে বিয়ে করছেন।
ওই একই প্রতিবেদনে জানা যায়, কান্দাহারের শিক্ষক মেহেরিনের দুর্দশার কথা। তালেবান তাঁর ঘর ধ্বংস করে দিয়েছে বলে জানান মেহেরিন। আফগানিস্তানে নারী ও মেয়েশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের নেতারা।
গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতিও রক্ষা হয়নি। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বলেছে, আফগানিস্তানে সাংবাদিকদের ওপর তালেবান যে হামলা চালাচ্ছে, তা বন্ধ করতে হবে এবং সাংবাদিকদের মুক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠনটি সাংবাদিক নির্যাতনের যেসব তথ্য দিয়েছে, তা রীতিমতো উদ্বেগজনক। সিপিজে বলছে, তাদের কাছে তথ্য রয়েছে যে আফগানিস্তানে কাজ করেন, এমন চার সাংবাদিকের বাসায় তল্লাশি চালিয়েছেন তালেবানের সদস্যরা। যে চার সাংবাদিকের বাসায় তল্লাশি চালানো হয়েছে, তাঁদের মধ্যে তিনজন জার্মানির রাষ্ট্রীয় গণমাধ্যম ডয়চে ভেলের সাংবাদিক। নানগাহার প্রদেশের রাজধানী জালালাবাদে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে তালেবান।
সাংবাদিকদের পরিবারও রয়েছে তালেবানের রোষানলে। জার্মানির সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়েছে, ডয়চে ভেলের যে সাংবাদিককে তালেবান খুঁজছিল, তাঁর এক স্বজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার কাবুলে ক্ষমতা দখলের পর থেকে এক সপ্তাহ চলছে তালেবানের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গের মধ্য দিয়ে। শুরুতেই কথা দিয়ে কথা না রাখার এই চল আফগানদের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়াচ্ছে। তালেবানের কর্মকাণ্ড মনে করিয়ে দিচ্ছে দুই দশক আগে তাদের পরিচালিত আফগানিস্তানের অন্ধকার যুগের কথা। আফগানিস্তানে আবার সেই অন্ধকার ফিরে আসছে কি না, সময়ই তা বলে দেবে।