তালেবানের হাতে আরেক প্রাদেশিক রাজধানীর পতন
আফগানিস্তানে তালেবানের হাতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে। গতকাল শুক্রবার নিমরোজের রাজধানী জারাঞ্জের পর আজ শনিবার জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান গোষ্ঠী। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
তবে জাওজানের ডেপুটি গভর্নর কাদের মালিয়া বলেছেন, সেবারঘানের বিমানবন্দর ঘিরে সরকারি বাহিনী ও কর্মকর্তা লড়াই চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার প্রায় লড়াই ছাড়াই জারাঞ্জের পতন ঘটে বলে জানান এর ডেপুটি গভর্নর রোহ গুল খাইরজাদ। এ শহরটি দখলের মধ্যে দিয়ে প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখলে নিতে সক্ষম হয় তালেবান। তবে একাধিক সূত্র বলছে, সেবারঘান দখলে নিতে গিয়ে ব্যাপক লড়াই করতে হয়েছে তালেবান যোদ্ধাদের।
এর আগে জাওজানের ডেপুটি গভর্নর বলেন, দেশটির জওজান প্রদেশে তালেবানের সঙ্গে লড়াইয়ে ১০ সরকারি সেনা ও আবদুল রশিদ দস্তুম গ্রুপের একজন কমান্ডার নিহত হন।
বিবিসির খবরে বলা হয়েছে, তালেবান জাওজান প্রদেশের একটি কারাগার দখলে নিয়েছে এবং সেখানকার সব বন্দীদের ছেড়ে দিয়েছে। সামাজিক যোগযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিওতে দেখা গেছে, তালেবান হামলার পর শনিবার কয়েকশ বন্দী সেবারঘানের কারাগার ছাড়ছেন।
বিবিসি বলছে, শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্যে দিয়ে দুটি প্রাদেশিক রাজধানী তাদের নিয়ন্ত্রণে চলে গেছে।
আফগানিস্তান জুড়ে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে দুটি রাজধানী দখল দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য এটি বড় এক ধাক্কা।
সেবারঘান সাবেক আফগান ভাইস-প্রেসিডেন্ট আব্দুল রশিদ দস্তুমের শক্ত ঘাঁটি। তাঁর সমর্থকেরা তালেবানের বিরুদ্ধে লড়াই করছে। স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, সরকারি বাহিনীকে সাহায্য করতে ১৫০ জনের বেশি যোদ্ধা শহরটিতে যাচ্ছেন।
তালেবান গত শুক্রবার তীব্র লড়াইয়ের পর প্রথমে গভর্নরের অফিস দখলে নেয়। এরপর অবশ্য সরকারি বাহিনী তা পুনর্দখল করে।
তবে সেবারঘানের আঞ্চলিক কাউন্সিল প্রধান বাবুর ইশচি বলেন, সেনা ঘাঁটি বাদে পুরো শহর দখলে নিয়েছে তালেবান। সেনা ঘাঁটি এলাকায় লড়াই চলছে। আঞ্চলিক ডেপুটি গভর্নর বার্তা সংস্থা এএফপিকে বলেছে, বিমানবন্দর এলাকাতেও লড়াই চলছে।