তালেবানের হাতে নবম প্রাদেশিক রাজধানীর পতন
আফগানিস্তানে তালেবান বাহিনী আজ বুধবার আরও একটি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে। এবার তারা দেশটির উত্তরাঞ্চলের বাদাখসান প্রদেশের রাজধানী ফাইজাবাদ দখলে নিয়েছে। সব মিলে মাত্র ছয় দিনে ৯টি প্রাদেশিক রাজধানী দখল করে নিল তালেবান।
বার্তা সংস্থা এএফপি আজ স্থানীয় একজন আইন প্রণেতার বরাত দিয়ে তালেবানের হাতে ফাইজাবাদের পতন হওয়ার কথা জানায়। দেশটিতে মোট প্রদেশের সংখ্যা ৩৪।
স্থানীয় আইন প্রণেতা জাবিহুল্লাহ আতিক বলেন, ‘গত কয়েক দিন ধরে তালেবানের সঙ্গে তীব্র লড়াই চালানো সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত রাতে তীব্র চাপে পড়েন। এখন তালেবান পুরো শহর দখলে নিয়েছে। দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’
এএফপি জানায়, তালেবান বাহিনী আফগানিস্তানের উত্তরাঞ্চলে দখল করা এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ আরও মজবুত করেছে। উত্তরাঞ্চলের বড় শহর মাজার-ই-শরিফের কাছাকাছি চলে এসেছে তারা। ফাইজাবাদের পতনের পর প্রচণ্ড চাপে রয়েছে মাজার-ই শরিফ।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি আজ বুধবার প্রায় অবরুদ্ধ উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফ সফরে গেছেন।
এর আগে গত শুক্রবার এ অঞ্চলের নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জের দখল নেয় তালেবান। গত পাঁচ দিনে ফারাহ, পুল-ই-খুমরি, জারাঞ্জ ছাড়াও প্রাদেশিক রাজধানী কুন্দুজ, তাকহার, সার-ই-পল, তালুকান ও সেবারঘানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।
ইউরোপীয় ইউনিয়নের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের মোট ভূখণ্ডের ৬৫ শতাংশে তালেবান তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ১১টি প্রাদেশিক রাজধানীর পতন ঘটতে পারে যেকোনো সময়।