তিউনিসিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট
তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল রোববার দ্বিতীয় দফা ভোট নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটে ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন নিদা তিউনিস পার্টির প্রার্থী বেজি সাইদ এসেবসি। দ্বিতীয় দফা ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মোনসেফ মারজুকির সঙ্গে। খবর এএফপি ও বিবিসির।
তিউনিসিয়া ১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়ার পর দেশটির জনগণ এই প্রথম অবাধ নির্বাচনের মাধ্যমে একজন রাষ্ট্রপ্রধান বাছাই করছেন। গণতন্ত্রে উত্তরণের পথে তিউনিসিয়ার জন্য এটি এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে গণ্য হচ্ছে।
তিউনিসিয়ায় চার বছর আগে গণবিক্ষোভের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটে। আরব বসন্ত নামে পরিচিত আলোড়ন তোলা আন্দোলন কর্মসূচির সূচনাই হয়েছিল এই দেশে।
৮৮ বছর বয়সী এসেবসি তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলী এবং দেশটির স্বাধীনতা-পরবর্তী প্রথম নেতা হাবিব বুরগুবিয়ার অধীনে কাজ করেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোনসেফ মারজুকি একজন মানবাধিকারকর্মী। ২০১১ সালে গণজাগরণের পর অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন মারজুকি। রক্ষণশীল ও তুলনামূলক দরিদ্র দক্ষিণাঞ্চলে তাঁর জনপ্রিয়তা বেশি। ইসলামপন্থী দল এন্নাহ্দা পার্টির সমর্থন রয়েছে মারজুকির প্রতি।
নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট নতুন সংবিধান অনুযায়ী নিয়ন্ত্রিত ক্ষমতা ভোগ করবেন।