তিউনিসিয়ায় ৩০ দিনের জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিউনিসে বাসে বিস্ফোরণের পর ঘটনাস্থলের কাছে পুলিশ ও অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
তিউনিসে বাসে বিস্ফোরণের পর ঘটনাস্থলের কাছে পুলিশ ও অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

তিউনিসিয়ায় ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী তিউনিসে জারি করা হয়েছে কারফিউ। গতকাল মঙ্গলবার রাজধানীতে প্রেসিডেন্ট গার্ডের সদস্যদের বহন করা একটি বাসে বিস্ফোরণের ঘটনার পর এই জরুরি অবস্থা ও কারফিউ জারি করা হয়।

আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গতকালের ওই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২০ জন আহত হন। সরকারের পক্ষ থেকে একে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করা হয়েছে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর গতকালই প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি দেশব্যাপী ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেন। আর রাজধানীতে কারফিউ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।

হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট তাঁর আজকের সুইজারল্যান্ড সফর বাতিল করেছেন। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ দেশটির নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠকও ডেকেছেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বেজি সাইদ বলেন, তিউনিসিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আছে। তিনি এই যুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।

দেশটির কর্মকর্তাদের ভাষ্য, যাত্রী ওঠা-নামার একটি স্থানে ওই বাসটিতে বিস্ফোরণ ঘটে। ঘটনাটির কারণ এখনো অস্পষ্ট।

একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, সম্ভবত এক হামলাকারী তাঁর কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।

এর আগে দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছিল।