তিকরিত অভিযানে নেই আইএসবিরোধী জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে তিকরিত শহর পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর চলমান অভিযানে মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোট সম্পৃক্ত নেই। জোট সেখানে বিমান হামলা চালানোর ব্যাপারে ইরাকের কাছ থেকে কোনো অনুরোধও পায়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
সোমবার শুরু হওয়া এই অভিযান বাগদাদ সরকারের এ পর্যন্ত সবচেয়ে বড় পরিসরের আইএসবিরোধী তৎপরতা। এর আগে বিভিন্ন এলাকায় আইএসের বিরুদ্ধে তৎপরতায় ইরাকি ও কুর্দি বাহিনীকে সহায়তা করতে কয়েক হাজার বার বিমান হামলা চালিয়েছে আন্তর্জাতিক জোট। তবে সর্বশেষ এই অভিযানে জোটের বিমান শক্তির সহায়তা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভেন ওয়ারেন সাংবাদিকদের বলেন, ‘তিকরিতে অভিযানের সহায়তা করতে আমরা বিমান হামলা চালাচ্ছি না।’ তবে কী কারণে জোট সহায়তা দেওয়া থেকে বিরত রয়েছে, তা স্পষ্ট নয়।
ইরানের সহায়তায় অভিযান?: তিকরিত অভিযানে ইরাকি সামরিক বাহিনীর পাশাপাশি শিয়াপন্থী মিলিশিয়া বাহিনীও অংশ নিচ্ছে। এ ছাড়া অভিযানে প্রতিবেশী ইরানেরও ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। একজন শিয়া কমান্ডার জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি উপস্থিত রয়েছেন। ইরান চালকবিহীন বিমান (ড্রোন), কামান ও রকেটের পাশাপাশি সেনাসদস্য পাঠিয়ে সহায়তা করছে।
তিকরিত অভিযানে ইরানের সম্পৃক্ততার কারণেই মার্কিন নেতৃত্বাধীন জোট কোনো ভূমিকা রাখা থেকে বিরত রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
‘মসুল অভিযানের সময়সীমা নেই’: ইরাকে আইএসের সবচেয়ে শক্ত ঘাঁটি মসুলে ইরাকি বাহিনীর অভিযানের ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক জন অ্যালান। বর্তমানে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের সমন্বয়কের দায়িত্বে থাকা ওই অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল বলেন, ‘আমাদের খুবই সতর্ক হতে হবে। একটা সময়সীমা দিয়ে দেওয়ার বিষয়টিকে এড়াতে হবে। কারণ, সময় আসবেই। সে জন্য আগে আমাদের প্রস্তুতি নিতে হবে।’
আরও ৩০০ অস্ট্রেলীয় সেনা: ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দিতে আরও ৩০০ সেনাসদস্য পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটি গতকাল এ ঘোষণা দিয়েছে।