ইরাকের তিকরিত শহর থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে দিতে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে। কমবেশি ৩০ হাজার ইরাকি সেনা ও মিলিশিয়া বিমান হামলার সমর্থন নিয়ে গতকাল সোমবার এ অভিযান শুরু করেছে। ইরাকি সেনাবাহিনী ও স্থানীয় গণমাধ্যম এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছে। তিকরিত সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের জন্মশহর। খবর এএফপি ও বিবিসির।
রাজধানী বাগদাদ থেকে দেড় শ কিলোমিটার উত্তরে অবস্থান সুন্নি-অধ্যুষিত তিকরিত শহরের। গত বছরের জুন মাসে এটি দখল করে নেয় আইএসের জঙ্গিরা। গতকালের সেনা অভিযান শুরুর আগে সালাহউদ্দিন প্রদেশে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তিনি আইএস ছেড়ে দিলে স্থানীয় সুন্নি উপজাতীয় যোদ্ধাদের জন্য ক্ষমা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী একে বর্ণনা করেন ‘শেষ সুযোগ’ হিসেবে।
ইরাকি সেনাবাহিনীর বেশ কয়েক হাজার সদস্য ও বেশ কিছুসংখ্যক মিলিশিয়া গত রোববার সালাহউদ্দিন প্রদেশের সামারা এলাকায় জড়ো হন। এরপর রাতে প্রধানমন্ত্রী এবাদি তিকরিতে অভিযান শুরুর ঘোষণা দেন। অভিযানকালে বেসামরিক নাগরিকদের রক্ষায় নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এবাদি বলেন, ‘নিরাপত্তা বাহিনী ও তাদের সঙ্গে অভিযানে অংশ নেওয়া সব বাহিনীর জন্য আমরা যে বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছি, সেটা হলো নাগরিকদের সুরক্ষা দেওয়া।’ আইএসকে সহায়তাকারী তিকরিত এলাকার সুন্নি উপজাতীয় গোষ্ঠীগুলোকে অস্ত্র ছাড়ার আহ্বানও জানান এবাদি। তিনি বলেন, ‘যারা অতীতে ভুল করেছে, আজই তাদের অস্ত্র ছাড়ার আহ্বান জানাচ্ছি। হয়তো এটাই তাদের জন্য সর্বশেষ সুযোগ।’
আল-ইরাকিয়া টেলিভিশনের খবরে বলা হয়, গতকাল প্রথমে ইরাকি যুদ্ধবিমানগুলো থেকে তিকরিত ও এর আশপাশে আইএসের অবস্থানগুলোতে বোমা ফেলা শুরু হয়। এরপর ইরাকি বাহিনী ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের মিলিশিয়ারা তিকরিত শহরের দিকে অগ্রসর হয়।
অভিযানে যুক্ত একজন লেফটেন্যান্ট কর্নেল টেলিফোনে বলেন, নিরাপত্তা বাহিনী দক্ষিণ ও উত্তর থেকে তিনটি প্রধান ফ্রন্টের দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য কিছু সড়ক দিয়েও সেনারা অগ্রসর হচ্ছে।’ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি অন্যদের অংশগ্রহণের খবর নিশ্চিত করে তিনি বলেন, পুলিশ, সন্ত্রাসবাদবিরোধী ইউনিট এবং সরকারনিয়ন্ত্রিত স্বেচ্ছাসেবী গ্রুপ পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সদস্যরাও অভিযানে সম্পৃক্ত হয়েছে। ওই সেনা কর্মকর্তা আরও বলেন, ‘তিকরিতের দিকে অগ্রসর হওয়া এবং জঙ্গিদের রসদ সরবরাহের পথ বন্ধ করতে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং গোলন্দাজ বাহিনীর সমন্বয়ে এ অভিযান চলছে।’
সামরিক সূত্র জানিয়েছে, ইরাকি যুদ্ধবিমানগুলো অভিযানে সম্পৃক্ত রয়েছে। তবে এগুলো ইরানি বা মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের সহায়তাও নিচ্ছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইরাকি টিভির খবরে আইএস জঙ্গিদের কিছু এলাকা থেকে হটিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। তবে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।
টাইগ্রিস নদীর তীরে অবস্থিত সুন্নি-অধ্যুষিত তিকরিত জঙ্গিদের হাত থেকে পুনরুদ্ধার করতে ইরাকি বাহিনী এর আগেও কয়েকবার চেষ্টা করেছে। তবে প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। এবার সফল হলে তা হবে ইরাকি সরকারের জন্য একটি বড় ধরনের অর্জন। কারণ, জঙ্গিদের সবচেয়ে শক্ত ঘাঁটি মসুলে আগামী এপ্রিল বা মে মাসে অভিযানের ঘোষণা দিয়ে রেখেছে ইরাকের কর্তৃপক্ষ। ওই আগাম ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলেও ওই অভিযানের আগে তিকরিত পুনরুদ্ধার করা গেলে তা সেনাদের মনোবল চাঙা করবে।