ইরাকের সরকারি বাহিনী ৭২ ঘণ্টার মধ্যেই তিকরিত শহরকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে মুক্ত করবে। অভিযানে থাকা একটি মিলিশিয়া বাহিনীর মুখপাত্র গতকাল শনিবার এ মন্তব্য করেছেন। খবর এএফপির।
ইরাকি বাহিনী গত শুক্রবার হেলিকপ্টার ও গোলন্দাজ বাহিনীর মাধ্যমে আইএসের অবস্থানগুলোতে বোমা বর্ষণ করেছে। ইরাকি বাহিনীর ধারণা, শহরটিতে এখন মাত্র কয়েক শ জঙ্গি লুকিয়ে রয়েছে। চারদিক থেকে তাদের ঘিরে রেখেছে ইরাকি সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবী মিলিশিয়ারা। এ যৌথ বাহিনীর সদস্যসংখ্যা ৩০ হাজারের বেশি। তবে জিহাদিরা তিকরিত শহরের কেন্দ্রীয় এলাকায় হাজার হাজার বোমা পেতে রাখায় সতর্কভাবে এগোচ্ছে সরকারি বাহিনী।
অভিযানে থাকা একজন পুলিশ কর্মকর্তা দাবি করেন, তিকরিতের ৫০ শতাংশ এলাকাই এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি বলেন, ‘আমরা শহরের কেন্দ্রীয় এলাকার বন্দুকধারীদের ঘিরে ফেলেছি। কিন্তু বিপুলসংখ্যক বোমা পেতে রাখার কারণে আমরা ধীরে এগোচ্ছি। ধারণা করছি, শহরটিতে ১০ হাজার বোমা পেতে রাখা হয়েছে।’
তবে অভিযানে অংশ নেওয়া ইরান-সমর্থিত বদর মিলিশিয়া বাহিনীর শীর্ষস্থানীয় নেতা ও স্বেচ্ছাসেবী পপুলার মোবিলাইজেশন ইউনিটের মুখপাত্র করিম আল-নুরি বলেন, আইএস যোদ্ধাদের গোপন আস্তানাগুলো গুঁড়িয়ে দিতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না। কিন্তু জিহাদিদের পেতে রাখা হাজার হাজার বোমার ভেতর দিয়ে একটি পথ বের করতে পারলেই কেবল তিকরিত মুক্ত হয়েছে বলে ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
তবে বদর বাহিনীরই আরেক কমান্ডার বিবিসিকে বলেছেন, তিকরিত পুনরুদ্ধার করতে এক সপ্তাহ লাগবে। মুয়াইন আল-খেমদি নামের ওই কমান্ডার বলেন, সরকারি বাহিনী আগে এখনো দখলে থাকা আইএসের যোদ্ধাদের এলাকাগুলো ঘিরে ফেলবে। তারপর আক্রমণ করা হবে।
সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিত গত জুন মাসে দখল করে নেয় আইএস। সুন্নি-অধ্যুষিত শহরটি পুনরুদ্ধারে ১ মার্চ অভিযান শুরু করে ইরাক সরকার।