তিকরিতে আইএসকে ঘিরে ফেলেছে সরকারি বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের তিকরিত শহরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) অবরুদ্ধ করে ফেলেছে সরকারি বাহিনী। তবে ইরাকি বাহিনীর কমান্ডাররা জানিয়েছেন, সেখানে চূড়ান্ত অভিযানের জন্য তাঁরা তাড়াহুড়া করবেন না। এদিকে সরকারি বাহিনীর সঙ্গে থাকা শিয়া মিলিশিয়ারা সুন্নি-অধ্যুষিত তিকরিতের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। খবর এএফপি, রয়টার্স ও আল-জাজিরার।
সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিত পুনরুদ্ধারে এ মাসের শুরুতে অভিযান শুরু করে ইরাক সরকার। গতকাল শুক্রবার পর্যন্ত ইরাকি বাহিনী ও তাদের সহযোগী শিয়া মিলিশিয়ারা শহরটির আশপাশের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবাইদি গত বৃহস্পতিবার স্থানীয় সালাহদিন প্রদেশে (তিকরিত যে প্রদেশের রাজধানী) সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন আমাদের পরিকল্পনার দ্বিতীয় ধাপের দিকে অগ্রসর হচ্ছি।’
তিকরিত পুনরুদ্ধারে ১ মার্চ শুরু হওয়া এই অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে, সে ব্যাপারে লড়াইয়ের কোনো পক্ষই কিছু জানাচ্ছে না। তবে যুদ্ধক্ষেত্র থেকে প্রায় প্রতিদিনই বেশ কিছু লাশ রাজধানী বাগদাদের দক্ষিণে এবং শিয়াদের পবিত্র শহর হিসেবে পরিচিত নাজাফে নিয়ে যাওয়া হচ্ছে।
বাড়িঘরে আগুন: বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ভিডিওতে তিকরিত এলাকার বাসিন্দাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে দেখা যাচ্ছে। ইরাকি বাহিনীর সঙ্গে থাকা শিয়া মিলিশিয়ারাই এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে। অভিযান শুরুর আগেও শিয়া নেতারা বলেছিলেন, আইএস গত বছরের জুনে শিয়াদের বিরুদ্ধে যে গণহত্যা চালিয়েছে, এটা হবে তার প্রতিশোধ নেওয়ার সুযোগ।
আনুগত্যের স্বীকৃতি: এদিকে নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারাম আইএসের প্রতি আনুগত্য স্বীকার করে তাদের সঙ্গে যোগ দিতে যে আগ্রহ প্রকাশ করেছিল, তা গ্রহণ করা হয়েছে। বোকো হারামের নেতা আবু বকর শেকাউ গত শনিবার নিজেদের টুইটার অ্যাকাউন্টে একটি অডিওটেপ প্রকাশ করে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন।