তিকরিতে আবার ইরাকি বাহিনী-আইএস সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের তিকরিত শহরে গত মঙ্গলবার সরকারি বাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়াদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংঘর্ষ হয়েছে। শহরটি পুনরুদ্ধার করা হয়েছে বলে সরকারি ঘোষণার এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটল। এদিকে তিকরিতের গণকবরগুলো থেকে আরও কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। খবর এএফপির।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তিকরিতের উত্তরের কাদিসিয়া এলাকায় আট থেকে ১৫ জন আইএস জঙ্গি লুকিয়ে আছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ইরাকি বাহিনী সেখানে অভিযান শুরু করে। একপর্যায়ে তাদের ঘিরে ফেলা হয়। তখন নিরাপত্তা বাহিনী কয়েকজনকে হত্যা করতে সক্ষম হয়। অন্যরা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি গত ৩১ মার্চ তিকরিত ‘মুক্ত’ হয়েছে বলে ঘোষণা দেন। কিন্তু পরের দিনই স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-ঘাবান জানান, আইএস যোদ্ধাদের ‘কিছু বিচ্ছিন্ন অবস্থান’ এখনো রয়েছে। সর্বশেষ গত ৪ এপ্রিল শহরটি থেকে জঙ্গিদের পুরোপুরিভাবে হটিয়ে দেওয়ার খবর আসে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মঙ্গলবারের বিবৃতিতে প্রমাণিত হয়েছে, শহরটি থেকে জঙ্গিদের নিশ্চিহ্ন করার কাজ এখনো শেষ হয়নি।
সরকারি বাহিনী তিকরিতে অন্য যেসব বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, জঙ্গিদের পেতে রাখা বোমা তার অন্যতম। স্বরাষ্ট্রমন্ত্রী ঘাবান গত সপ্তাহে জানিয়েছিলেন, এরই মধ্যে এক হাজারের বেশি বোমা উদ্ধার করা হয়েছে।
সরকার বোমা উদ্ধারের পাশাপাশি মঙ্গলবার থেকে আইএসের হত্যাযজ্ঞের শিকার ইরাকি সেনাদের মরদেহ তল্লাশির কাজ শুরু করে। প্রথম দিনেই শহরটিতে খুঁজে পাওয়া অন্তত ১২টি গণকবর থেকে ৪৭টি দেহাবশেষ তোলা হয়েছে। মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র কামেল আমিন এ কথা জানিয়েছেন। মঙ্গলবার রাতে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৪৭টি দেহাবশেষ তোলা হয়েছে। ১১টি গণকবর থেকে এগুলো তোলা হয়।
মুখপাত্র আমিন জানান, দেহাবশেষগুলো তিকরিতের সাবেক এক মার্কিন ঘাঁটির কাছে আইএসের হত্যাযজ্ঞের শিকার সেনাদের একাংশের বলেই তাঁরা মনে করছেন। গত বছরের জুন মাসে অন্যান্য এলাকার সঙ্গে সেখান থেকেও ইরাকের সরকারি বাহিনীকে হটিয়ে দেয় আইএস জঙ্গিরা। জুনের ১২ তারিখে কমবেশি ১ হাজার ৭০০ নিরস্ত্র সেনাকে নির্মমভাবে হত্যা করে তারা। আইএস নিজেরাই তখন এর ভিডিও দৃশ্য প্রকাশ করেছিল।