তিকরিতে কয়েকটি গণকবরের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণকবর থেকে লাশ তোলার আগে ফরেনসিক পরীক্ষা করছেন বিশেষজ্ঞরা। ছবি: রয়টার্স
গণকবর থেকে লাশ তোলার আগে ফরেনসিক পরীক্ষা করছেন বিশেষজ্ঞরা। ছবি: রয়টার্স

ইরাকের তিকরিত শহরে কয়েকটি গণকবরের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে, ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা জিম্মির পর যে এক হাজার ৭০০ ইরাকি যোদ্ধাকে হত্যা করেছে, সেই যোদ্ধাদের এসব স্থানে কবর দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, ওই এলাকাটি ক্যাম্প স্পিচার নামের সাবেক মার্কিন সামরিক ঘাঁটির পাশে অবস্থিত। এ ছাড়া কয়েকটি কবর দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ভবন এলাকায় পড়েছে। গত বছর তিকরিত শহর দখলে নেওয়ার পর সাদ্দামের ভবনটিকে আইএস জঙ্গিরা নিজেদের সদর দপ্তরে পরিণত করে।

আইএস যোদ্ধারা তিকরিত শহর ছেড়ে যাওয়ার পর ইরাকের একটি ফরেনসিক দল ১২টি কবর খননের কাজ শুরু করেছে। কবর থেকে মরদেহ তুলে পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

মাটির ওপরে বেরিয়ে থাকা হাতটিই সাক্ষী দিচ্ছে চরম নির্মমতার। ছবি: রয়টার্স
মাটির ওপরে বেরিয়ে থাকা হাতটিই সাক্ষী দিচ্ছে চরম নির্মমতার। ছবি: রয়টার্স

ফরেনসিক দলের সদস্য খালিদ আল-আতবি বলেন, ‘এটা খুবই হৃদয়বিদারক একটি দৃশ্য ছিল। আমরা কান্নায় ভেঙে পড়া থেকে নিজেদের আটকাতে পারিনি। কোন ধরনের বর্বরেরা ঠান্ডা মাথায় এক হাজার ৭০০ মানুষকে খুন করতে পারে? ’
২০১৪ সালের জুন মাসে আটক এক হাজার ৭০০ ইরাকি যোদ্ধাকে হত্যা করে আইএস জঙ্গিরা। নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিয়া সম্প্রদায়ের।