জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের তিকরিত শহর পুনরুদ্ধারের অভিযান গতকাল বুধবার তৃতীয় দিনে গড়িয়েছে। সোমবার দ্বিতীয় দিনে শহরটির আশপাশে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া গেছে। খবর এএফপি, বিবিসি ও আল-জাজিরার।
ইরাকি সেনাবাহিনী লড়াইয়ে ‘অগ্রগতি’র দাবি করেছে। তবে জিহাদিদের চোরাগোপ্তা গুলি ও লুকিয়ে রাখা বোমার ফাঁদে পড়ে তাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মশহর সুন্নি-অধ্যুষিত তিকরিত পুনরুদ্ধারের এ অভিযানে রয়েছে ইরাকি সেনাবাহিনীর ৩০ হাজার সেনা, পাশাপাশি পুলিশ, শিয়া মিলিশিয়া ও সুন্নি উপজাতি গোষ্ঠীর কিছু সদস্য। ২০১৪ সালের জুন থেকে শহরটি দখলে রাখা জঙ্গিরা জনবল ও অস্ত্রে পেরে না উঠে এখন গেরিলা যুদ্ধের কৌশল নিয়েছে।
অভিযানে থাকা একজন ইরাকি লেফটেন্যান্ট জেনারেল বলেন, ‘আইএস জঙ্গিরা শহুরে কায়দায় লড়াই ও অতর্কিত হামলার কৌশল নিয়েছে। সুতরাং আমরা সতর্ক ও সূক্ষ্মভাবে এগোচ্ছি। এ জন্য বাড়তি সময় লাগবে।’
স্থানীয় সালাহউদ্দিন প্রদেশের সামারা অপারেশনস কমান্ডের সূত্র জানিয়েছে, তিন দিক থেকে তিকরিতের দিকে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী। উত্তর ও দক্ষিণ থেকে আল-আলম ও আদ-দুর এলাকার দিকে যাচ্ছে দুটি ইউনিট। আর বাহিনীর একটি বড় অংশ অগ্রসর হচ্ছে পূর্ব দিক থেকে। ওই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা আদ-দুর এলাকার কাছাকাছি পৌঁছে গেছি। তবে আইএস এখনো কেন্দ্রীয় এলাকায় রয়েছে।’
অন্যান্য দিক দিয়েও এগোচ্ছে কয়েকটি ইউনিট। সামরিক সূত্রগুলো বলছে, তাদের লক্ষ্য তিকরিতের কেন্দ্রস্থলে আইএস যোদ্ধাদের ঘিরে ফেলা।
আদ-দুর শহরের পাশাপাশি পশ্চিমের আল-জুহুর, উত্তরের কাদিসিয়া ও দক্ষিণের একটি হাসপাতালের আশপাশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব এলাকায় আইএসের অবস্থানগুলোতে কামান থেকে গোলাবর্ষণের পাশাপাশি যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হচ্ছে।
আদ-দুরের ২০ কিলোমিটার পূর্বের হারমিন এলাকা থেকে জঙ্গিদের হটিয়ে দেওয়ার খবর দিয়েছে সামারা অপারেশনস কমান্ডের সূত্রগুলো। সংঘর্ষের সময় দুবার আত্মঘাতী গাড়িবোমা হামলারও চেষ্টা চালানো হয়। তবে সেনাদের কাছে পৌঁছানোর আগেই হামলাকারীদের গুলি করে হত্যা করা হয়।
আত্মঘাতী হামলার পাশাপাশি রাস্তার পাশে বোমা পেতে রেখেছে আইএস জঙ্গিরা। এতে করে অভিযান ধীরগতিতে এগোচ্ছে বলে জানান একজন মিলিশিয়া কমান্ডার।
আইএস গত মঙ্গলবার এক বেতার বার্তায় বলেছে, সালাহউদ্দিন প্রদেশের সামারা শহরে একজন মার্কিন নাগরিক আত্মঘাতী হামলা চালিয়েছে।