তিকরিতের ভেতরে ইরাকি বাহিনী

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা শহর তিকরিতের ভেতরে ঢুকে পড়েছে ইরাকের সরকারি বাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি থেকে আইএসকে হটাতে অভিযান শুরুর ১১ দিনের মাথায় এই সফলতার খবর এল। এদিকে আরেক ইরাকি শহর রামাদির দখল নিতে সমন্বিত হামলা শুরু করেছে আইএস। খবর এএফপি ও আল-জাজিরার।
রাজধানী বাগদাদ থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত শহর তিকরিত ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের জন্মভূমি। সুন্নি-অধ্যুষিত শহরটি গত বছরের জুন মাসে দখল করে নেয় আইএসের যোদ্ধারা। এটি উদ্ধার করতে ১ মার্চ কয়েক হাজার সেনা নিয়ে সমন্বিত অভিযান শুরু করে ইরাকি বাহিনী।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার জানায়, টাইগ্রিস নদীর তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর তিকরিতকে ঘিরে ফেলেছে সরকারি বাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়ারা। এখন শহরটির কেন্দ্রের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সরকারি সেনারা ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের শিয়া স্বেচ্ছাসেবীরা এখন তিকরিতের প্রধান রাস্তাগুলোর ওপরে অবস্থান নিয়েছেন।
স্থানীয় কুর্দি শহর ইরবিলে অবস্থানরত একজন সাংবাদিকও একই খবর দিয়েছেন। সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ইরাকি বাহিনী এখন তিকরিতের কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে তিনি বলেন, ‘তার অর্থ এই নয় যে তারা পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে।’ আইএস যোদ্ধারা তিকরিত অভিমুখে পথে একটি সেতু বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে বলেও জানান ওই সাংবাদিক। পাশাপাশি বেশ কয়েকটি সড়কও বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে ফেলা হয়েছে।
এর আগে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ইরাকি বাহিনীকে শত্রুপক্ষের ২০টি ভারী মেশিনগান ধ্বংস করতে দেখা যায়। এ ছাড়া ২০টি সামরিক যানকে তিকরিতের দিকে অগ্রসর হতে দেখা যায়। একই ভিডিওতে দাবি করা হয়, চলমান অভিযানের আওতায় সরকারি বাহিনী গত চার দিনে আইএসের সন্দেহভাজন সাড়ে তিন শ যোদ্ধাকে হত্যা করেছে। তবে এ খবরের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রামাদিতে আইএসের হামলা: ইরাকের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা রামাদি শহরের বিভিন্ন এলাকায় গতকাল বুধবার সমন্বিত হামলা শুরু করেছে আইএস জঙ্গিরা। এর মধ্যে রয়েছে পর পর সাতটি গাড়িবোমা হামলা। স্থানীয় পুলিশ এ খবর দিয়েছে।
আনবার প্রদেশের রাজধানী রামাদির পুলিশ ও হাসপাতাল সূত্রগুলোর তাৎক্ষণিক হিসাব মোতাবেক, গতকালের হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।