তিকরিতের লড়াইয়ে সাদ্দামের সমাধি ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের তিকরিতের কাছে প্রচণ্ড লড়াইয়ে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবরে নির্মিত সমাধিসৌধ মাটির সঙ্গে মিশে গেছে। তিকরিত সাদ্দাম হোসেনের জন্মস্থান।
এদিকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের তিকরিত থেকে বিতাড়িত করতে আরও বিমান হামলা চালানো প্রয়োজন বলে জানিয়েছেন জ্যেষ্ঠ এক কর্মকর্তা। খবর বিবিসি ও রয়টার্সের।
ইরাকি নিরাপত্তা বাহিনী শিয়া মিলিশিয়াদের সঙ্গে নিয়ে তিকরিত দখল করতে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। শহরের চারপাশের কিছু এলাকা তাদের দখলে এসেছে। তবে শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হতে প্রবল বাধার মুখে পড়ছে ইরাকি বাহিনী।
সাদ্দাম হোসেনের সমাধি তিকরিত এলাকার আল-আওজা গ্রামে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওচিত্রে দেখা যায়, কবরের ওপর নির্মিত স্মৃতিসৌধটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কেবল কয়েকটি খুঁটি এখনো দাঁড়িয়ে আছে।
শিয়া একজন কর্মকর্তা বলেছেন, আইএস জঙ্গিরা এ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ এলাকায় সাদ্দাম হোসেনের কবর থাকায় তারা এমন ধ্বংসলীলায় মেতে ওঠে।
আল-আওজা গ্রামের সুন্নি সম্প্রদায়ভুক্ত বাসিন্দারা বলেছেন, গত বছর সাদ্দামের দেহাবশেষ কবর থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়।
ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেন মার্কিন অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০০৩ সালে দখলদার সেনাদের হাতে ধরা পড়েছিলেন। পরবর্তী সময়ে ইরাকের একটি আদালত মানবতার বিরুদ্ধে অপরাধে তাঁকে মৃত্যুদণ্ড দেন। সাদ্দামের বিরুদ্ধে শিয়া মুসলিম ও কুর্দিদের ব্যাপক হারে হত্যা করার অভিযোগ আনা হয়েছিল। ২০০৬ সালে সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়।
গত বছরের জুন থেকে তিকরিত আইএস জঙ্গিদের দখলে। সম্প্রতি ইরাকি বাহিনী আইএস জঙ্গিদের হটিয়ে দিয়ে শহরটির নিয়ন্ত্রণ দখলের চেষ্টা করছে।
ইরাকের উপ-প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম আল-ইলামি বলেছেন, তিকরিত থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করতে আরও বিমান হামলা সহযোগিতা দরকার। তিনি বলেন, ‘আইএস জঙ্গিবিরোধী লড়াইয়ে যেকোনো শক্তি আমাদের পাশে দাঁড়াতে পারে। বিমান হামলা চালিয়ে আমাদের সহযোগিতা দিতে পারে।’
তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কিংবা ইরানের সহযোগিতা চাইছেন কি না, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ইব্রাহিম আল-ইলামি।