দীর্ঘ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষ হওয়ার ছয় বছর পর শ্রীলঙ্কা তাঁর সংঘাতময় অতীতের মুখোমুখি হওয়ার ঐতিহাসিক এক ক্ষণের কাছাকাছি এসে পৌঁছেছে। গৃহযুদ্ধের সময়কার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের দীর্ঘ বিলম্বিত একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনে ৩৭ বছরের গৃহযুদ্ধে সরকার ও বিচ্ছিন্নতাবাদী তামিল বিদ্রোহীদের উভয় পক্ষের ভয়াবহ যুদ্ধাপরাধের চিত্র উঠে এসেছে। এতে আন্তর্জাতিক বিচারকদের তত্ত্বাবধানে যুদ্ধাপরাধীদের বিচার করার আহ্বান জানানো হয়। শ্রীলঙ্কা সরকার তাৎক্ষণিকভাবে এ নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানালেও মঙ্গলবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, আন্তর্জাতিক বিচার মেনে নেবে না শ্রীলঙ্কা। দেশের নিজস্ব বিচারব্যবস্থাই এর জন্য যথেষ্ট। শ্রীলঙ্কা নিজস্ব বিচার ব্যবস্থার পক্ষে কঠোর অবস্থান নিলে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ পেলেও হয়তো এ নিয়ে সৃষ্ট সংকটের অবসান শিগগির হবে না।
যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ঘোষণার প্রেক্ষাপটে জাতিসংঘের প্রতিবেদনটি প্রকাশিত হলো। দায়িত্ব নেওয়ার পর মাইথ্রিপালা সিরিসেনা দক্ষিণ আফ্রিকার আদলে ‘ট্রুথ কমিশন’ করে বিচার এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন প্রেসিডেন্টের এই বক্তব্য তাঁর পূর্বসূরি মাহিন্দা রাজাপক্ষের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। রাজাপক্ষে বরাবরই দাবি করে এসেছেন, সরকারি সেনারা কোনো বেসামরিক তামিলকে হত্যা করেনি। যদিও তথ্যপ্রমাণ বলে ভিন্ন কথা। বর্তমান সরকারের মুখপাত্র রাজিথা সেনারত্নে বলেছেন, আগের সরকারের ওই অস্বীকৃতি ছিল শ্রীলঙ্কার ‘সবচেয়ে বড় ভুল’। রাজাপক্ষের শাসনকালেই শ্রীলঙ্কার সেনাবাহিনী বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগার বাহিনীকে চূড়ান্তভাবে পরাস্ত করে। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শেষ পর্যায়ের অভিযানে সরকারি সেনাদের হাতে অনেক বেসামরিক তামিল নিহত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের হিসাবে কমপক্ষে ৪০ হাজার বেসামরিক তামিল তখন নিহত হয়েছিল।
দেশের উত্তরাঞ্চলে তামিলদের যুদ্ধবিধ্বস্ত কেন্দ্রভূমি জাফনার অধিবাসীরা এখনো ন্যায়বিচারের প্রত্যাশায় দিন গুনছেন। ২০০৯ সালের মে মাসে যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ওই অঞ্চলের বিধ্বস্ত সড়ক ও অন্যান্য অনেক অবকাঠামোর সংস্কার করা হয়েছে। সেখানে সেনা মোতায়েন ও নজরদারিও কমানো হয়েছে। তবে যুদ্ধ শেষের ছয় বছর পরও এখনো অনেক মানুষ শরণার্থীশিবিরগুলোতে বাস করছেন। সংখ্যালঘু তামিলরা যুদ্ধাপরাধীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি করছে। স্থানীয় তদন্ত ও বিচারের ওপর তাদের কোনো আস্থা নেই। তারা চায় জাতিসংঘের আওতায় তদন্ত ও বিচার।
নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি বারবার এড়িয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে শ্রীলঙ্কা সমালোচনার সম্মুখীন হচ্ছে। মানবাধিকার বিষয়ে বিরোধের কারণেই রাজাপক্ষের শাসনামলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র দেশটির বাণিজ্য সুবিধা প্রত্যাহার করে নেয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১৩ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলন বয়কট করেন। ওই সম্মেলনে যোগ দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মানবাধিকার-সংক্রান্ত বিষয়গুলোর সমাধান এবং সংখ্যালঘু তামিলদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আরও বেশি প্রচেষ্টা চালাতে শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানিয়েছিলেন।
প্রেসিডেন্ট সিরিসেনা তামিল সমর্থনপুষ্ট হয়ে এ বছরের শুরুতে ক্ষমতায় আসার পর মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাভিরা সম্প্রতি জেনেভায় মানবাধিকার পরিষদে দেওয়া বক্তব্যে জবাবদিহি নিশ্চিত করায় তাঁর দেশের নতুন প্রচেষ্টার কথা ঘোষণা করেন। তামিল জনগোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায় দ্বীপরাষ্ট্রটির নেতাদের এই দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নতুন সরকারের এ পদক্ষেপকে পূর্ববর্তী সরকারের ‘উগ্র জাতীয়তাবাদী ও কর্তৃত্বপরায়ণ নীতি’ থেকে ইতিবাচক পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেছে।
সংখ্যালঘু তামিলদের মূল রাজনৈতিক দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্সও (টিএনএ) তাদের অবস্থান কিছুটা শিথিল করেছে। তাঁরা জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে দ্রুত জাতিগত সংকট সমাধানের দাবি করেছে। অবশ্য কেউ কেউ মনে করছেন, মাইথ্রিপালা সিরিসেনা সিংহলি জাতীয়তাবাদকে আড়াল করে আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টাতেই জাতিগত সমঝোতার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন।