উত্তর কোরিয়া মঙ্গলবার তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর এক বিবৃতি অনুযায়ী, এদিন ভোরে উত্তর কোরিয়ার হুয়াংজু অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরে গিয়ে সাগরে পড়ে। যুক্তরাষ্ট্র বলেছে, প্রথম ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি স্বল্প পাল্লার স্কাড বলে ধারণা করা হচ্ছে এবং তৃতীয়টি মাঝারি পাল্লার রোদং বা নদং। পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবিলায় ওয়াশিংটন ও সিউল ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা মোতায়েন করার ঘোষণা দেওয়ার পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনা ঘটল। পরমাণু অথবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কোনো ধরনের পরীক্ষা চালানোর বিষয়ে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। জানুয়ারিতে দেশটি এর চতুর্থ পরমাণু পরীক্ষা চালানোয় আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়।