তিন চীনা সাংবাদিককে ফেরত পাঠাচ্ছে ভারত
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তিনজন সাংবাদিকের ভারতে থাকার অনুমতির মেয়াদ বাড়ায়নি নয়াদিল্লি। ফলে তাঁদের দেশে ফিরে যেতে হচ্ছে।
চীনা তিন সাংবাদিক হলেন সিনহুয়ার দিল্লি ব্যুরোপ্রধান উ কিয়াং এবং মুম্বাইয়ের দুই প্রতিবেদক তাং লু ও মা কিয়াং। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো তাঁদের ওপর বেশ কয়েক মাস নজরদারির পর বলেছে, ‘তাঁরা আনুষ্ঠানিক দায়িত্বের বাইরেও কিছু কাজে জড়িত।’
তিন চীনা সাংবাদিকের ভিসার মেয়াদ গত জানুয়ারিতে শেষ হয়। তারপর তাঁরা নিয়মমতো আবেদন করে সেই ভিসার মেয়াদ বাড়িয়েছেন। তবে নয়াদিল্লি সম্প্রতি জানিয়ে দিয়েছে, এ তিনজনকে ৩১ জুলাইয়ের মধ্যে ভারত ছাড়তে হবে। তবে তাঁদের পরিবর্তে অন্য চীনা সাংবাদিকদের পাঠাতে পারবে বেইজিং।
ভারতীয় কর্তৃপক্ষ বলছে, এ সিদ্ধান্তে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের যোগদানে চীনের বিরোধিতার বিষয়টি কোনো প্রভাব ফেলেনি।