তিন হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন হাজারের বেশি বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সরকার। মিয়ানমারের তথ্যমন্ত্রী ইউ ই হতুত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বলেছেন, ‘দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে’ প্রেসিডেন্ট থেইন সেইন তাঁদের ক্ষমা করেছেন। খবর বিবিসির।
মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা আছেন। তাঁরা সাবেক প্রধানমন্ত্রী থেইন নিয়ান্তের অনুগত ছিলেন। ১০ বছর আগে তিনি ক্ষমতাচ্যুত ও বন্দী হন। একই সঙ্গে ওই কর্মকর্তারাও বন্দী হন। মুক্তির অপেক্ষায় থাকা বন্দীদের মধ্যে আরও আছেন লঘু অপরাধে দণ্ড হওয়া অনেকে।
২০১০ সালে থেইন সেইন মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই সময় প্রত্যক্ষ সামরিক শাসনের জায়গায় ক্ষমতায় বসে সামরিক বাহিনী-সমর্থিত একটি বেসামরিক সরকার। ওই সরকার সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার অঙ্গীকার করে।
সংস্কার কর্মকাণ্ডের অংশ হিসেবে মিয়ানমারের অধিকাংশ রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে অনেক মানবাধিকার সংগঠনের ধারণা, দেশটিতে এখনো কয়েক শ রাজবন্দী আছেন। সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের সংবাদমাধ্যমের ওপর থেকেও অনেক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আর বিরোধী দলগুলোও গণতান্ত্রিক কার্যক্রম চর্চার সুযোগ পাচ্ছে। এ কারণে দেশটির ওপর দীর্ঘদিন ধরে আরোপিত অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।