তিব্বতি ওষুধ নিয়ে ভারত-চীন দ্বন্দ্ব
হিমালয়কে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে শতাব্দীব্যাপী দ্বন্দ্ব চলে আসছে। ১৯৫০ সালে চীনের সামরিক বাহিনী তিব্বত আক্রমণ করে। ১৯৫৯ সালে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে আশ্রয় দেয় ভারত। এর তিন বছর পর সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়।
সম্প্রতি দোকলা নামের একটি বিতর্কিত এলাকা নিয়ে মুখোমুখি দাঁড়িয়েছে দুই দেশ। ওই অঞ্চলের দাবিদার ভুটান ও চীন। ভারত ভুটানের পক্ষে অবস্থান নিয়েছে। তবে এই দুই দেশের মধ্যে সাম্প্রতিকতম বিরোধটি সৃষ্টি হয়েছে ‘সোয়া রিগপা’ নামের তিব্বতের কয়েক শতাব্দীর পুরোনো ওষুধ তৈরির ঐতিহ্য নিয়ে। উভয় দেশই এই ঐতিহ্যের স্বত্ব দাবি করেছে। আজ বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সোয়া রিগপা নামের ওষুধ তৈরির চর্চার অংশ হিসেবে বহু ধরনের ওষুধ তৈরি করা হয়। এর একটিকে চীন তার ‘অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য’ বলে দাবি করেছে। এর স্বীকৃতি পেতে গত মার্চে চীন ইউনেসকোতে নথিপত্র জমা দিয়েছে। এদিকে প্রায় একই সময়ে সোয়া রিগপা ঐতিহ্যের পুরোটারই স্বত্ব দাবি করেছে ভারত। ইউনেসকোর ওয়েবসাইটে ইঙ্গিত দেওয়া হয়েছে, তারা আগামী বছর এ বিষয়টির নিষ্পত্তি করবে।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সারনাথে অবস্থিত সেন্ট্রাল ইউনিভার্সিটি অব তিব্বত স্টাডিজের উপাচার্য নওয়াং সামতেন বলেন, ‘ওই ঐতিহ্যের স্বত্বের জন্য যদি চীন আবেদন করে, তবে অবশ্যই ভারতও আবেদন করতে পারে।’
নির্বাসিত তিব্বতি ও পশ্চিমা নৃতাত্ত্বিকেরা যাঁরা তিব্বতের ওষুধ নিয়ে গবেষণা করেছেন, তাঁরা বলেছেন, ইউনেসকোর কাছ থেকে এ বিষয়ে স্বীকৃতি লাভের ফলে কী ধরনের প্রভাব পড়বে তার ভবিষ্যদ্বাণী করা কঠিন। তাঁরা বলেছেন, চিকিৎসা চর্চা করে আসা তিব্বতিদের নিয়োগের মাধ্যমে এ এলাকার মানুষের যদি ব্যাপক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়, তবে এই স্বীকৃতির ফলে উপকার মিলবে। বিদ্যমান কিছু সমস্যা চিহ্নিত না করা হলে এর বাণিজ্যিক উৎপাদন হলে এর নেতিবাচক প্রভাব পড়ে।